২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবনমন

ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান আর শীর্ষে নেই। তাকে সরিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এখন ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার।

আব্দুল মোমিন আব্দুল মোমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 04:16 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

সর্বশেষ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় ৪২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন ‘দ্য প্রফেসর’ নামে পরিচিত হাফিজ। সাকিবের পয়েন্ট ৪২৬।

গত মাসে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সাকিব। অন্যদিকে সদ্য সমাপ্ত ভারত-পাকিস্তান ওয়ানডে সিরিজে মোট ৯৭ রান করা ছাড়াও তিনটি উইকেট নিয়েছেন হাফিজ। আর এটাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করতে সাহায্য করেছে তাকে।

মঙ্গলবার প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারতের অধিনায়কেরও উন্নতি হয়েছে। ভারত চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে সিরিজ হেরে গেলেও তিন ম্যাচে একটি দুর্দান্ত শতকসহ ২০৪ রান করায় ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে মহেন্দ্র সিং ধোনির অবস্থান চতুর্থ।

ব্যাটিং-বোলিং দুই বিভাগের শীর্ষস্থানেই অবশ্য কোনো পরিবর্তন হয়নি। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা ও ভারতের বিপক্ষে আট উইকেট নেয়া অফস্পিনার সাইদ আজমল র‌্যাঙ্কিংয়ে সবার ওপরেই আছেন।