২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মান বাঁচানো জয়

হতাশা আর ব্যর্থতায় নিমজ্জিত ভারতের মান বাঁচালেন বোলাররা। তাদের নৈপুণ্যে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১০ রানে হারিয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় অতিথিরা অবশ্য ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 08:05 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

হতাশা আর ব্যর্থতায় নিমজ্জিত ভারতের মান বাঁচালেন বোলাররা। তাদের নৈপুণ্যে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১০ রানে হারিয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় অতিথিরা অবশ্য ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ।

রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বলে ১৬৭ রানে থেমে যায় ভারতের ইনিংস। জবাবে ৪৮ ওভার ৫ বলে ১৫৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে কামরান আকমল ও ইউনুস খানকে হারিয়ে ফেলে পাকিস্তান।

এরপর তৃতীয় উইকেটে নাসির জামশেদের সঙ্গে ৪৭ ও চতুর্থ উইকেটে উমর আকমলের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক মিসবাহ-উল-হক। প্রথম দুই ওয়ানডেতে শতক করা জামশেদকে (৩৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। মিসবাহকে অজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত করার কৃতিত্বও ভারতের অফস্পিনারের।
এরপর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে শোয়েব মালিকের এলবিডব্লিউ ও অহেতুক ঝুঁকি নেয়া উমর আকমলের স্টাম্পিং ৬ উইকেটে ১২৫ রানে পরিণত করে পাকিস্তানকে।

মহেন্দ্র সিং ধোনির শট ঠেকাতে গিয়ে আঙ্গুলে চোট পাওয়া মোহাম্মদ হাফিজ ব্যাট করতে নামেন ৭ নম্বরে। তিনি ২১ রান করলেও হার এড়াতে পারেনি পাকিস্তান।

৩৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ইশান্ত শর্মা। ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন নেন দুটি করে উইকেট।
এর আগে ৩৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। আক্রমণাত্মক ব্যাট করে দলকে বিপদ থেকে উদ্ধারের ব্রত নিয়েছিলেন যুবরাজ সিং। ২৩ বলে চারটি চার সহ ২৩ রান করা যুবরাজকে বোল্ড করেন হাফিজ।
এরপর আগের দুই ম্যাচে অপরাজিত ১১৩ ও অপরাজিত ৫৬ রানের দুটো অধিনায়কোচিত ইনিংস খেলা ধোনি ৪৮ রানের জুটি গড়েন সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে। কিন্তু ২৯তম ওভারে পরপর দুই বলে রায়না ও অশ্বিনকে ফিরিয়ে দিয়ে ভারতকে আবার বিপদে ফেলে দেন সাঈদ আজমল।
৫৫ বলে ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ৩৬ রান করা ধোনিকে আউট করেন উমর গুল, উমর আকমলের ক্যাচ বানিয়ে। ২০১১ সালের ৩০ মার্চের পর এই প্রথম দেশের মাটিতে কোনো ওয়ানডেতে আউট হলেন ভারতের অধিনায়ক।

ভুবনেশ্বর, ইশান্ত ও রবীন্দ্র জাদেজাকেও ফিরিয়ে দেয়া আজমল ৫ উইকেট নেন ২৪ রানের বিনিময়ে। এ নিয়ে দুবার ওয়ানডেতে ৫ উইকেট নিলেন দারুণ ছন্দে থাকা পাকিস্তানের অফস্পিনার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৪৩.৪ ওভারে ১৬৭ (গম্ভীর ১৫, রাহানে ৪, কোহলি ৭, যুবরাজ ২৩, রায়না ৩১, ধোনি ৩৬, অশ্বিন ০, জাদেজা ২৭, ভুবনেশ্বর ২, ইশান্ত ৫, সামি ০*; আজমল ৫/২৪, ইরফান ২/২৮, জুনায়েদ ১/১৭, হাফিজ ১/৪৪, গুল ১/৪৫)

পাকিস্তান: ৪৮.৫ ওভারে ১৫৭ (জামশেদ ৩৪, কামরান ০, ইউনুস ৬, মিসবাহ ৩৯, উমর ২৫, শোয়েব ৫, হাফিজ ২১, গুল ১১, আজমল ১, জুনায়েদ ০, ইরফান ০*; ইশান্ত ৩/৩৬, ভুবনেশ্বর ২/৩১, অশ্বিন ২/৪৭, জাদেজা ১/১৯, সামি ১/২৩)
ম্যাচ সেরা: মহেন্দ্র সিং ধোনি
সিরিজ সেরা: নাসির জামশেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৪ঘ.