২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাঙ্ক

সাত কোটি টাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের টাইটেল স্পন্সর হয়েছে প্রাইম ব্যাঙ্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 09:59 AM

সাত কোটি টাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের টাইটেল স্পন্সর হয়েছে প্রাইম ব্যাঙ্ক।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিপিএল আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগী গেমঅনের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেমঅনের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে প্রাইম ব্যাঙ্কের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা বলেন, “সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) এর অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধূলায় আমরা অবদান রাখছি। তারই অংশ হিসেবে বিপিএলের টাইটেল স্পন্সর হয়েছি।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল-বড় দৈর্ঘ্য) প্রাইম ব্যাঙ্কের দুটি দল আছে। সিরাজুল ইসলাম জানান, তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে একটি অ্যাকাডেমি স্থাপনে প্রাইম ব্যাঙ্ক অনেক দূর এগিয়ে গেছে।

সাড়ে সাত কোটি টাকায় বিপিএলের প্রথম আসরের টাইটেল স্পন্সর হয়েছিল ডেসটিনি গ্রুপ। এবারো এ ব্যাপারে দারুণ সাড়া পাওয়ার কথা জানিয়ে এনায়েতুর রহমান বলেন, “অনেকেই টাইটেল স্পন্সর হতে আগ্রহী হলেও আমরা প্রাইম ব্যাঙ্ককে বেছে নিয়েছি।”

“আমরা বিপিএল বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের চেষ্টা করছি। ইএসপিএনের সঙ্গে আমাদের এরই মধ্যে চুক্তি হয়ে গেছে। পাকিস্তানের জিও টিভির সঙ্গেও চুক্তি হয়েছে। আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলসহ বেশ কয়েকটি চ্যানেলের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে,” যোগ করেন গেমঅনের চেয়ারম্যান। তিনি বিপিএলের সম্প্রচার স্বত্ব কেনা চ্যানেল নাইনেরও ব্যবস্থাপনা পরিচালক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা, সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

১৭ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও পরদিন থেকে খেলা শুরু হবে।