রোববারের মধ্যে পাকিস্তান সফরের সিদ্ধান্ত: বিসিবি সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “কয়েক দিনের মধ্যে পাকিস্তান সফরের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। খুব সম্ভবত রোববারে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে। এ ব্যাপারে আমরা আলাপ-আলোচনা করছি।”
“যেহেতু এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি, তাই এই মুহূর্তে পাকিস্তান সফর নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না। আর সেটা ঠিকও হবে না। আসলে এখনো পর্যন্ত আমরা জোর গলায় কিছু বলতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই এ সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে,” যোগ করেন বিসিবি সভাপতি।
পাকিস্তান সফর নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে নাজমুল হাসান বলেন, “আমার সঙ্গে হয়নি। আমি পরশু দেশে এসেছি। তাই এ বিষয়ে সঠিক কিছু জানি না। তবে সরকার যে কোনো সময় তাদের সিদ্ধান্ত জানাতে পারে। মন্ত্রী মহোদয়ও আমাদের পরামর্শ দেয়ার ক্ষমতা রাখেন।”
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিসিএল প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “এই প্রতিযোগিতা শুরু করতে পেরে খুব ভালো লাগছে।
“আমরা (বিসিবির অ্যাডহক কমিটি) ক্ষমতায় আসার সময় ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চলছিল। ঐ ব্যস্ততার মধ্যেই বিপিএলেরও কিছু কাজ শেষ করতে হয়েছে। এত কিছুর মধ্যে এই লিগ (বিসিএল) চালু করতে পেরে আমি আনন্দিত।”
বিপিএল প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, “বিপিএলের দ্বিতীয় আসর নিয়ে কোনো সমস্যা নেই। প্রথম আসরের সমস্যাগুলো এতো কম সময়ের মধ্যে সমাধান করাই ছিল বড় চ্যালেঞ্জ।”
“সবগুলো সমস্যার মধ্যে চুক্তি ছাড়াও দেশি-বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট দেয়া, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাওনা, বিপিএলের আয়োজক গেম অনের সঙ্গে হিসাব-নিকাশের সমাধান করতে পেরে ভালো লাগছে,” যোগ করেন তিনি।
