ভক্তদের ধন্যবাদ দিলেন টেন্ডুলকার
ক্রিকেট-জীবন জুড়ে ভক্তদের ভালবাসা ও সমর্থন পেয়ে তিনি আবেগাপ্লুত। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার দু দিন পরেই মঙ্গলবার ভক্তদের ধন্যবাদ জানালেন শচীন টেন্ডুলকার।
টুইটারে তিনি লেখেন, “বছরের পর বছর ধরে যে ভালবাসা ও সমর্থন পেয়েছি সেজন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। বিশেষ করে গত কিছু দিনের জন্য। আপনাদের ভালবাসা আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ করে দিয়েছে। কখনো-কখনো চোখ অশ্রুসজলও করে তুলেছে।”
আরেকটি টুইটারের মাধ্যমে টেস্ট-ওয়ানডে দুটোরই সবচেয়ে বেশি রান ও শতকের মালিক বলেন, “ওয়ানডেতে জাদুকরি মুহূর্তগুলো জীবনের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গী হয়ে থাকবে। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ।”
রোববার সকালে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অবসর নিয়ে টেন্ডুলকারের বিবৃতি প্রকাশ করে।
এই বিবৃতিতে শচীন রমেশ টেন্ডুলকার বলেন, “আমি ক্রিকেটের একদিনের ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপজয়ী ভারতীয় দলে থাকার স্বপ্ন পূরণ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি।”
পাঁচবার অংশ নিয়ে অবশেষে ২০১১ সালের দেশের মাটিতে বিশ্বকাপ জেতার পর আর কিছু চাওয়ার ছিল না ক্রিকেটের এই বরপুত্রের।
৫০ ওভারের ফরম্যাটে ২৩ বছরের ক্যারিয়ারে ৪৬৯টি একদিনের ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটসমস্যান। ৪৯টি শতকসহ করেছেন ১৮ হাজার ৪২৬ রান, যার প্রতিটিই বিশ্ব রেকর্ড।
ওয়ানডে ও টেস্ট মিলিয়ে সবচেয়ে বেশি শতকের রেকর্ডের মালিকও তিনি।
২০১০ সালের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে একদিনের ম্যাচের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক হাকান টেন্ডুলকার।
১৯৮৯ সালে গুজরানওয়ালায় পাকিস্তানের বিপক্ষেই এক দিনের ম্যাচে অভিষেক হয় টেন্ডুলকারের। আর গত মার্চে ঢাকায় সেই পাকিস্তানের বিপক্ষেই এশিয়া কাপের ম্যাচটি তার শেষ একদিনের ম্যাচ হয়ে রইল।
