২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

ওয়ানডে থেকে শচীন টেন্ডুলকারের হঠাৎ অবসর ঘোষণায় ক্রিকেট-বিশ্ব এখনো বিস্মিত। সেই বিস্ময়ের রেশ নিয়েই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দীর্ঘ পাঁচ বছর পর পাকিস্তানের ভারত সফর শুরু মঙ্গলবার থেকে, ব্যাঙ্গালোরে প্রথম টি-টোয়েন্টি দিয়ে।

২৮ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির ভেন্যু আহমেদাবাদ। এরপর ৩০ ডিসেম্বর এবং ৩ ও ৬ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এই সফর নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, “আবার ভারতে আসতে পেরে আমরা খুব খুশি। আমরা ভালো খেলার লক্ষ্য নিয়ে এসেছি। জয়-পরাজয় কোনো ব্যাপার নয়। ভারতের বিপক্ষে খেলা সব সময়ই আনন্দদায়ক। সেই সঙ্গে কঠিন পরীক্ষাও বটে।”

গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দু দলের সর্বশেষ লড়াইয়ে ভারত ৮ উইকেটের জয় পেয়েছিল।

ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই প্রায় যুদ্ধের আবহ। এই ম্যাচকে ঘিরে দুই দেশের মানুষের প্রত্যাশাও থাকে তুলনামূলকভাবে বেশি। হাফিজ অবশ্য ফলাফল নয়, দু দলের নিয়মিত লড়াইকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী।

তিনি বলেন, “আমরা এখানে খেলা উপভোগ করতে এসেছি। নিরাপত্তাজনিত শঙ্কা থাকলেও ভারতের মানুষের আমাদের প্রতি ভালোবাসা ও মমতার কারণে আমরা এ নিয়ে খুব একটা চিন্তিত নই। ক্রিকেটের চেতনাই সবচেয়ে বড় ব্যাপার, যা দুই দেশের মানুষই ধারণ করে।”

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রায় তিন দশক পর টেস্ট সিরিজ হেরে ভারত এখন বেশ চাপের মধ্যে। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছেন প্রতিনিয়ত।

তবে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতায় হাফিজ ও মিসবাহ-উল-হকের চেয়ে ধোনি অনেক এগিয়ে। এ প্রসঙ্গে হাফিজ বলেন, “কোনো সন্দেহ নেই ধোনি আমার এবং মিসবাহ-উল-হকের (পাকিস্তানের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক) চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। প্রত্যেক অধিনায়কেরই কিছু নিজস্ব কৌশল ও পরিকল্পনা থাকে। আমাদের লক্ষ্য, নিজেদের ক্ষমতা অনুযায়ী এবং টি-টোয়েন্টি ক্রিকেটের চিরাচরিত চাপের কথা না ভেবে যতটা সম্ভব ভালো খেলা।