২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফর নিয়ে চাপের মধ্যে বিসিবি

বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আই এইচ মল্লিক সাংবাদিকদের কাছে এই চাপের কথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 03:45 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন উত্তপ্ত। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ভীষণ চাপের মধ্যে রয়েছে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আই এইচ মল্লিক বলেন, “পাকিস্তান সফর নিয়ে আমাদের ওপরে চাপ আছে। এ ব্যাপারে আগের বোর্ড প্রতিশ্রুতি দিয়েছিল।”

পাকিস্তান সফর এখনও নিশ্চিত হয়নি জানিয়ে তিনি আরো বলেন, “এই সফর নিয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তবে আমরা এ ব্যাপারে সব সময়ই আলোচনা করছি।”

পাকিস্তান সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মানববন্ধন হয়েছে। এই সফর নিয়ে দেশের অনেক মানুষের বিরুদ্ধ অবস্থানের কথা বিসিবি বিবেচনায় রেখেছে জানিয়ে আই এইচ মল্লিক বলেন, “বাংলাদেশের মানুষের অনুভূতিকে আমরা শ্রদ্ধা জানাই। তবে আমাদের ওপরে আইসিসির প্রচণ্ড চাপ রয়েছে। প্রধান নির্বাহীদের সর্বশেষ সভায় আইসিসি আমাদের সতর্ক করে দিয়েছে। তারা জানতে চেয়েছে, বোর্ড পাল্টানোর সঙ্গে-সঙ্গে আমাদের প্রতিশ্রুতিও পাল্টে যায় কিনা।”

বিসিবি সভাপতি নাজমুল হাসান তার বাবা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চিকিৎসার জন্য এখন ইংল্যান্ডে। সেখানে এক সাক্ষাৎকারে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে আইসিসির চাপের কথা তিনিও জানিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে পিসিবি সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, পাকিস্তান সফরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি।

এ ব্যাপারে আই এইচ মল্লিক বলেন, “আমাদের মধ্যকার আলোচনা প্রতিনিয়ত বিসিবি সভাপতিকে জানানো হচ্ছে। তবে এই সফরের ব্যাপারে পাকিস্তান বোর্ডকে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়নি।”