২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামিকে তাড়া করছে ওয়ানডে সিরিজ হারের দুঃখ

একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারালেও ওয়ানডে সিরিজ হারের দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 06:50 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারালেও ওয়ানডে সিরিজ হারের দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত বছর বাংলাদেশ সফরে আমরা টি-টোয়েন্টিতে হেরেছিলাম। এবার জিতে ভালো লাগছে। তবে ওয়ানডে সিরিজে হেরে যাওয়ায় আমি ভীষণ হতাশ।” ম্যাচ সেরা মারলন স্যামুয়েলসের ব্যাটিং স্যামির মনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুখস্মৃতি ফিরিয়ে এনেছিল। তিনি বলেন, “স্যামুয়েলসের ব্যাটিং আমাকে শ্রীলঙ্কায় মালিঙ্গার বিপক্ষে তার ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। দুই বছর ক্রিকেট থেকে দূরে থাকার পর দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে তার।” এই সফরে ব্যাট হাতে ক্রিস গেইলের ব্যর্থতা প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, “ক্রিসকে পুরো সফরে বেঁধে রাখার কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। খুব কম দলই এটা করতে পেরেছে। সে বিশ্বের সব জায়গায় সাফল্য পেয়েছে। আশা করি শিগগিরই ক্রিস স্বরূপে ফিরবে।” ২০১২ সাল ওয়েস্ট ইন্ডিজের খুবই ভালো কেটেছে জানিয়ে স্যামি বলেন, “এ বছরটা আমাদের দারুণ কেটেছে। টানা চার টেস্ট জিতেছি, টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছি। বিশ্বকাপের পর খেলা প্রথম টি-টোয়েন্টিতেও জিতলাম। একমাত্র হতাশা বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হেরে যাওয়া।” এক বছরের ব্যবধানে দুবার সফর করায় বাংলাদেশের ক্রিকেটারদের অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে স্যামির। তার ধারণা, এই এক বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ দলের অনেক উন্নতি হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডেতে দেশের মাটিতে তারা বেশ সফল। গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরেছে তারা। এগারো মাস পর টেস্ট খেলতে নেমে ৫০০-র ওপরে রান করেছে। এটা অবশ্যই অনেক বড় অর্জন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৪৮ঘ.