২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রশংসা করলেন স্যামি

সমতা ফিরিয়েও শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় ভীষণ হতাশ ড্যারেন স্যামি। নিজেদের সমালোচনার পাশাপাশি বাংলাদেশের প্রশংসাও করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 06:22 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমতা ফিরিয়েও শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় ভীষণ হতাশ ড্যারেন স্যামি। নিজেদের সমালোচনার পাশাপাশি বাংলাদেশের প্রশংসাও করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক । শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ওয়ানডে শেষে স্যামি বলেন, “সিরিজ জেতার মতো খেলতে পারিনি আমরা। বাংলাদেশ ভালো খেলেছে। তাই এই জয় তাদেরই প্রাপ্য।” “গত দুই ম্যাচের সঙ্গে এই ম্যাচে তাদের পার্থক্য গড়ে দিয়েছে দুটি জুটি। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে দুর্দান্ত একটি জুটি গড়েছে রিয়াদ (মাহমুদুল্লাহ)। এরপর ৫৩ রানের আরেকটি ভালো জুটি গড়েছে নাসির-মমিনুল। এটাই ব্যবধান গড়ে দিয়েছে,” যোগ করেন তিনি। সিরিজ হেরে গেলেও দলের বোলারদের প্রশংসা করে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, “বোলাররা আজও (শনিবার) ভালো বল করেছে। শুরুতেই দলকে উইকেট এনে দিয়েছে তারা। সুনীল ভালো বল করেছে, রোচ ৫ উইকেট নিয়েছে। বাংলাদেশ দুটি ভালো জুটি গড়ার সময়ও তারা ভালো বল করেছে।” তবে দলের ব্যাটসম্যানদের সমালোচনা করে স্যামি বলেন, “আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। শুরুতে ৩ উইকেট হারালেও পোলার্ড ও ব্রাভো বড় একটা জুটি গড়েছিল। পোলার্ড অসাধারণ খেলেছে। কিন্তু আমরা তাদের গড়ে দেয়া ভিত কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।” পুরো সিরিজে নিষ্প্রভ দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলের অবশ্য কোনো সমালোচনা করেননি তিনি। স্যামি বলেন, “ক্রিকেট দলীয় খেলা। প্রতিদিনই কারো পক্ষে ভালো খেলা সম্ভব নয়। পুরো সিরিজে গেইলকে বেঁধে রাখার কৃতিত্ব বাংলাদেশের বোলারদের।” ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে ৫টি ম্যাচেই জয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন স্যামি। কিন্তু এখন সিরিজ হারের যন্ত্রণায় তাকে বিদ্ধ হতে হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আজ আমরা গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছি। ক্যাচই তো ম্যাচ জেতায়। পুরো সিরিজেই আমরা এ ধরনের ভুল করেছি। ৫-০ ব্যবধানে জিততে হলে যেভাবে খেলা প্রয়োজন ছিল আমরা তা পারিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৯ঘ.