ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামনেই বিজয় দিবস। তার ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। দলের সবার পক্ষ থেকে এই জয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের উৎসর্গ করলেন মুশফিকুর রহিম।
শনিবার খেলা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিক বলেন, “আমাদের এই জয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের উৎসর্গ করছি। বিজয়ের মাসে এই জয় শুধু খেলোয়াড়দের নয়, পুরো দেশবাসীকে অনুপ্রাণিত করবে।”
“এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারালেও ঐ দুই দলকে দুর্বল বলা হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে। অথচ আমরা কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাইনি,” যোগ করেন তিনি।
শনিবার তিন বিভাগেই ভালো করার প্রত্যয় নিয়ে নামার কথা জানিয়ে মুশফিক বলেন, “আগের দুই ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচে তিন বিভাগেই ভালো করার প্রত্যয় নিয়ে নেমেছিলাম আমরা। পুরো সিরিজে বোলিং ভালো হলেও শেষ দুই ম্যাচে ফিল্ডিং ও ব্যাটিং ভালো হয়নি। আজ (শনিবার) তিন বিভাগেই ভালো করায় শেষ পর্যন্ত আমরাই সিরিজ জিতেছি। এই জয় আমাদের প্রাপ্য। নিজেদের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।”
মুশফিকের এই প্রাপ্তির আনন্দ বহু গুণ বেড়ে গেছে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায়। এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, “অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে এটা দারুণ আনন্দের। দলের সাফল্যে নিজে অবদান রাখতে পারায় খুবই ভালো লাগছে।”
শনিবার লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে ফেললেও মনোবল হারাননি মুশফিক। তিনি বলেন, “রিয়াদ ভাইয়ের (মাহমুদুল্লাহ) সঙ্গে আমার জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। তবে আমাদের চেয়েও ভালো খেলেছে নাসির-মমিনুল। ওরা খুবই ভালো একটা জুটি গড়েছে। সোহাগের ১৫ (আসলে ১৯) রানের ইনিংসটিও ছিল গুরুত্বপূর্ণ। রিয়াদ ভাই কিংবা আমি আউট হওয়া পরও কখনোই হারের কথা ভাবিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১১৯ঘ.
bdnews24