ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার পঞ্চম ও শেষ ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারায় বাংলাদেশ।
বাংলাদেশ দলের এই বিজয়কে ঐতিহাসিক ও অবিস্মরণীয় অভিহিত করে খালেদা জিয়া বলেন, ‘‘বাংলাদেশ শক্তিশালী দল হিসেবে বিজয়ী হয়েছে। আমি আশাবাদী ভবিষ্যতেও টাইগাররা এই সফলতা ধরে রাখতে সক্ষম হবে।’’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধী দলীয় নেতা তার গুলশানের বাসায় টেলিভিশনের পর্দায় বাংলাদেশ দলের খেলা দেখেন।
খালেদা জিয়া বলেন, “সারা দেশের জনগণ ক্রিকেট দলের এই অবিস্মরণীয় ও অভূতপূর্ব সাফল্যে আনন্দিত ও উদ্বেলিত। দেশবাসীর সঙ্গে আমি নিজেও যারপরনাই আনন্দিত ও গৌরবান্বিতবোধ করছি।”
ক্রিকেট দলের এই সাফল্যের জন্য খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান তিনি।
গত ৩০ নভেম্বর খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটে জয় পায় স্বাগতিকরা। শনিবারের জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সাহারা কাপে ৩-২ ম্যাচে সিরিজ জয় করল বাংলাদেশ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকা পৃথক পৃৃথক বিবৃতিতে বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২৩০৯ ঘ.
bdnews24