২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সুবাদে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সুবাদে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো সিরিজ জিতেছিল তারা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৪ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। এছাড়া জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। লক্ষ্য তাড়া করতে নেমে কেমার রোচের তোপে দলীয় ৯ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও আনামুল হককে হারিয়ে ফেলে বাংলাদেশ। নাঈম ইসলামের বদলে খেলতে নেমে ১০ রান করে জহুরুল ইসলাম রোচের তৃতীয় শিকারে পরিণত হলে স্কোর দাঁড়ায় ৩০/৩। আগের দিন ৭ নম্বরে নেমে দারুণ এক অর্ধশতক করা সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ শনিবার ব্যাট করতে নামেন ৫ নম্বরে। চতুর্থ উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে তার ১২ ওভার ৪ বল স্থায়ী ৯১ রানের জুটি স্বস্তি ফেরায় বাংলাদেশ দলে। অফস্পিনার সুনীল নারায়ণের বলে বোল্ড হওয়ার আগে ৪৮ রান করেন মাহমুদুল্লাহ। তার ৪৫ বলের ইনিংসে ৭টি চার। দলীয় ১৩৩ রানে নারায়ণের বলে বোল্ড হয়ে মুশফিকও (৪৪) বিদায় নিলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে মমিনুল হকের সঙ্গে নাসির হোসেনের ৫৩ রানের জুটি আবার জয়ের কক্ষপথে ফেরায় স্বাগতিকদের। ৩৯তম ওভারে মমিনুলকে (২৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙ্গেন নারায়ণ। তবে সপ্তম উইকেটে সোহাগ গাজীর সঙ্গে নাসিরের ২৮ রানের আরেকটি কার্যকর জুটি বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সোহাগকে কট বিহাইন্ড এবং আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আব্দুর রাজ্জাককে এলবিডব্লিউ করে আবার বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দেন রোচ। শেষ পর্যন্ত জয় ধরা দেয় ৪৪তম ওভারের শেষ বলে। ঐ ওভারে পঞ্চম বলেই জয়ে পেয়ে যেতে পারত বাংলাদেশ। নাসির কাভারের ওপর দিয়ে সীমানার কাছাকাছি বল পাঠালেও রান না নিয়ে ক্রিজের মাঝে দাঁড়িয়ে উল্লাস শুরু করে দেন ইলিয়াস সানি। পরের বলেই থার্ড ম্যান দিয়ে চার মেরে বাংলাদেশকে মধুর জয় এনে দেন ৩৯ রানে অপরাজিত নাসির। ৫৬ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার রোচ। এই নিয়ে তিন বার ওয়ানডেতে ৫ উইকেট নিলেন তিনি। এর আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো হয়নি। উরুর চোটের কারণে অনুপস্থিত মাশরাফি বিন মতুর্জার বদলে খেলতে নামা শফিউল ইসলাম ও অফস্পিনার সোহাগের মারাত্মক বোলিংয়ে ১৭ রানের মধ্যে ফিরে যান কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস ও ক্রিস গেইল। এর মধ্যে মাহমুদুল্লাহর দারুণ এক থ্রোয়ে রান আউট হয়ে যান স্যামুয়েলস। চতুর্থ ওভার থেকে টানা ৫ ওভার মেডেন নিয়ে অতিথি ব্যাটসম্যানদের ভীষণ চাপের মধ্যে রাখেন শফিউল-সোহাগ। চতুর্থ উইকেটে ড্যারেন ব্রাভোর সঙ্গে কাইরন পোলার্ডের ১৩২ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজ দলে স্বস্তি ফেরায়। ব্যক্তিগত ১৭ রানে নাসিরকে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া ব্রাভোর দৃঢ়তাপূর্ণ এবং পোলার্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল ক্যারিবীয়রা। বিশেষজ্ঞরা বোলাররা পোলার্ডকে ফেরাতে ব্যর্থ হলে মুশফিক বল তুলে দেন অনিয়মিত বাঁহাতি স্পিনার মমিনুলের হাতে। ৩২তম ওভারে বল করতে এসে পঞ্চম বলেই পোলার্ডকে (৮৫) বোল্ড করে দেন মমিনুল। পোলার্ডের ৭৪ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ। পোলার্ডের বিদায়ের পর রানের গতিতে বেশ ভাটা পড়ে। এরপর তেমন কোনো জুটি গড়তে না পারায় এক সময় আড়াইশ রানের সম্ভাবনা জাগানো অতিথিদের থামতে হয় অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ জুটি মাত্র ৩৭ রানের। ষষ্ঠ উইকেটে এই জুটি গড়েন ডেভন টমাস ও ব্রাভো। ৪১ তম ওভারে মাহমুদুল্লাহ ৫ বলের মধ্যে ব্রাভো ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে দিলে বিশাল ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ৫১ রান করা ব্রাভোর ১০৮ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা। ১৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা অতিথিরা ২০০ পেরোয় টমাস ও বীরাসামি পারমলের সৌজন্যে। দলীয় ২০৪ রানে পারমল রান আউট হওয়ার পর বেশি দূর এগোতে পারেনি ক্যারিবীয়রা। ৪৮তম ওভারে বল করতে এসে শফিউল ৩ বলের ব্যবধানে টমাস ও রোচকে বিদায় করে দিলে ১২ বল আগেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩১ রানে ৩ উইকেট নিয়ে ওয়ানডে দলে ফেরাকে স্মরণীয় করে রাখা শফিউল বাংলাদেশের সেরা বোলার। মমিনুল ও মাহমুদুল্লাহ নেন দুটি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৪৮ ওভারে ২১৭ (পাওয়েল ১১, গেইল ২, স্যামুয়েলস ১, ব্রাভো ৫১, পোলার্ড ৮৫, স্যামি ২, টমাস ২৫, রাসেল ০, পারমল ১০, নারায়ণ ৭*, রোচ ০; শফিউল ৩/৩১, মমিনুল ২/১৪, মাহমুদুল্লাহ ২/৩৮, সোহাগ ১/৩২) বাংলাদেশ: ৪৪ ওভারে ২২১/৮ (তামিম ৮, আনামুল ০, জহুরুল ১০, মুশফিক ৪৪, মাহমুদুল্লাহ ৪৮, নাসির ৩৯*, মমিনুল ২৫, সোহাগ ১৯, রাজ্জাক ০, সানি ১*; রোচ ৫/৫৬, নারায়ণ ৩/৩৮) ম্যাচ সেরা: মাহমুদুল্লাহ সিরিজ সেরা: মুশফিকুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৬ ঘ.