২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ১ উইকেটের অপেক্ষা

রবিচন্দ্রন অশ্বিনের অপরাজিত ৮৩ রান কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতকে ইনিংস হারের লজ্জায় পড়তে দেয়নি। তবে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে তাদের হার এড়ানো প্রায় অসম্ভব। ২০৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা ভারত মাত্র ৩২ রানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবিচন্দ্রন অশ্বিনের অপরাজিত ৮৩ রান কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতকে ইনিংস হারের লজ্জায় পড়তে দেয়নি। তবে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে তাদের হার এড়ানো প্রায় অসম্ভব। ২০৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা ভারত মাত্র ৩২ রানে এগিয়ে। অথচ দিনের প্রথম সেশনটা অসাধারণ কেটেছে স্বাগতিকদের। সকালে ৬ উইকেটে ৫০৯ রান নিয়ে ব্যাট করতে নেমে ৫২৩ রানে শেষ হয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। এরপর বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের দৃঢ়তায় বিনা উইকেটে ৮৬ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গেছে ভারত। কিন্তু তারপরই ম্যাচে নাটকীয় পরিবর্তন। দ্বিতীয় সেশনের প্রথম বলেই শেবাগকে বোল্ড করেছেন গ্রায়েম সোয়ান। মাত্র ১ রানের জন্য অর্ধশতকের দেখা পাননি ভারতের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান। প্রথম ইনিংসে শেবাগের রান আউটের সময় তার সঙ্গী ছিলেন গম্ভীর। সেদিন নিজেকে নির্দোষ দাবী করতে পারলেও শনিবার চেতেশ্বর পুজারার রান আউটে সম্পূর্ণ দায় গম্ভীরের। কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের বিপজ্জনক ‘কল’-এ সাড়া দিতে গিয়ে মিড উইকেট থেকে ইয়ান বেলের দারুণ এক থ্রোয়ের শিকার হতে হয়েছে পুজারাকে। এরপরই তুমুল করতালির মধ্যে শচীন টেন্ডুলকারের প্রবেশ। তবে ইডেনে সম্ভবত জীবনের টেস্ট ইনিংস রাঙিয়ে রাখতে পারেননি ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। মাত্র ৫ রান করে সোয়ানের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে। স্টিভেন ফিনের করা তার আগের ওভারেই কট বিহাইন্ড হয়ে গেছেন গম্ভীর (৪০)। টেন্ডুলকারের বিদায়ে ৪ উইকেটে ১০৭ রানে পরিণত ভারত আর ১৫ রান যোগ করে জেমস অ্যান্ডারসনের জোড়া ধাক্কার শিকার হয়েছে। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসারের দুটো উইকেটই রিভার্স সুইংয়ে। প্রথমে যুবরাজ সিং বোল্ড। অ্যান্ডারসনের করা পরের ওভারেই মহেন্দ্র সিং ধোনি স্লিপে ক্যাচ দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক অ্যালিস্টার কুককে। এরপর কোহলি কিছুটা লড়াই করলেও ২০ রান করে ফিনের বলে ক্যাচ দিয়েছেন উইকেট রক্ষক ম্যাট প্রায়রকে। ফিনের পরের ওভারে জহির খানও এলবিডব্লিউ এবং ১৫৯/৮-এ পরিণত ভারত ইনিংস হারের শঙ্কায়। কিন্তু তারপরই প্রতিরোধ গড়ে তোলেন অশ্বিন ও ইশান্ত শর্মা। যদিও দুজনের ১৮ ওভার স্থায়ী ৩৮ রানের জুটিও ভারতকে লিড এনে দিতে পারেনি। নবম ব্যাটসম্যান হিসেবে ইশান্ত (১০) আউট হওয়ার সময় ইংল্যান্ডকে আবার ব্যাট করাতে স্বাগতিকদের আরো ১০ রান প্রয়োজন ছিল। তবে অশ্বিনের দৃঢ়তায় অন্তত ইনিংস হারের দুঃখ সইতে হচ্ছে না। ভারতের দীর্ঘদেহী অফস্পিনারের ১৫১ বলের ইনিংসে ১৩টি চার। সংক্ষিপ্ত স্কোর: ভারত : ৩১৬ ও ২৩৯/৯ (গম্ভীর ৪০, শেবাগ ৪৯, পুজারা ৮, টেন্ডুলকার ৫, কোহলি ২০, যুবরাজ ১১, ধোনি ০, অশ্বিন ৮৩*, জহির ০, ইশান্ত ১০, ওঝা ৩*; ফিন ৩/৩৭, অ্যান্ডারসন ২/৩৮, সোয়ান ২/৭০) ইংল্যান্ড : ৫২৩ (কুক ১৯০, ট্রট ৮৭, কম্পটন ৫৭, পিটারসেন ৫৪; ওঝা ৪/১৪২, অশ্বিন ৩/১৮৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১০ঘ.