ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে সমতা ফেরাতে পেরে দারুণ খুশি ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক এখন সিরিজ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ওয়ানডেতে আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। তারপরও টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পেরেছি। শনিবারের ‘গ্র্যান্ড ফাইনাল’ জেতার ব্যাপারেও আমি আত্মবিশ্বাসী।”
“শনিবার ব্যাটসম্যানরা ব্যর্থতা থেকে বেরোনোর আরেকটি সুযোগ পাচ্ছে। ক্রিস গেইল এখনো নিজের সেরাটা খেলতে পারেনি। তবে তার ওপরে আমাদের সবার পূর্ণ আস্থা আছে। কালই (শনিবার) হতে পারে তার দিন,” যোগ করেন স্যামি।
টস হেরে ব্যাট করতে নেমে ১০২ রানে ৬ উইকেট হারিয়ে ফেললেও হাল ছেড়ে দেননি স্যামি। তিনি বলেন, “জানতাম এই উইকেটে ১৯০ রান করতে পারলে বাংলাদেশকে চাপে ফেলা সম্ভব। ড্যারেন ব্রাভোর সঙ্গে আমার জুটিটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দ্রুত রানও তুলেছি আমরা।”
“আগের ম্যাচে স্যামুয়েলস জিতিয়েছে, এই ম্যাচে আমি। আজকের দিনটিও ছিল আমাদের। আশা করি পরের ম্যাচে কেউ না কেউ দায়িত্ব নিয়ে খেলে আমাদের জয় এনে দেবে,” যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
ক্যারিবীয়দের দুই স্পিনারের উচ্ছ্বসিত প্রশংসা করে স্যামি বলেন, “সুনীল ও পারমল অসাধারণ বল করেছে। তারা বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালো ভাবে বেঁধে রাখতে পেরেছে।”
দলের পেসারদের প্রশংসা করতেও ভোলেননি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। তিনি বলেন, “ঘন্টায় ৯০ মাইল বেগে ঠিক জায়গায় বল ফেলতে পারলে যে কোনো পিচেই সাফল্য পাওয়া সম্ভব। পেসাররা নিখুঁত লাইন-লেন্থে বল করেছে বলেই ২১২ রানের লক্ষ্যও ওদের জন্য অনেক বড় হয়ে গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১০৪ঘ.
bdnews24