ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ জয়ের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে আরো। তবে সব হতাশা ভুলে শনিবার পঞ্চম ও শেষ ওয়ানডের দিকে তাকিয়ে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে শেষে তিনি বলেন, “সিরিজ জয় নিশ্চিত করার দুটো সুযোগ নষ্ট করেছি আমরা। তৃতীয় ও শেষ সুযোগটি কিছুতেই নষ্ট করতে চাই না। এই দুই ম্যাচের সব ভুল-ত্রুটি শুধরে শেষ ম্যাচে জিততে চাই।”
দলের স্পিনারদের প্রশংসা করে মুশফিক বলেন, “স্পিনাররা দারুণ বল করেছে। তাদের বলে বেশ কয়েকটি ক্যাচ উঠেছে। আজ অন্তত ৫টি ক্যাচ ফেলেছি আমরা। নইলে ওরা কোনোভাবেই ১৫০/১৬০-এর বেশি রান করতে পারত না। ফিল্ডিংয়ে আমাদের আরো অনেক উন্নতি করতে হবে।”
বাংলাদেশের ব্যাটিং নিয়েও হতাশ মুশফিক। শুরুর বাজে ব্যাটিংকে হেরে যাওয়ার জন্য দায়ী করে তিনি বলেন, “প্রথম ১০ ওভার ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ব্যাট করতে নামার সময় আমাদের পরিকল্পনা ছিল, প্রথম ১০ ওভারে রান যা-ই হোক না কেন, দুটির বেশি যেন উইকেট না হারাই। কিন্তু ১৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলায় ২১২ রানের লক্ষ্যই অনেক বড় হয়ে যায়।”
“সোহাগ আর রিয়াদ ভাই (মাহমুদুল্লাহ) যখন ব্যাট করছিল তখনো জয়ের সম্ভাবনা ছিল। আস্কিং রান রেট কখনোই ওভার প্রতি পাঁচ হয়নি। আমাদের সামনে তাই ভালো মতোই জয়ের সুযোগ ছিল। কিন্তু সোহাগের বিদায়ের পর লক্ষ্যটা অনেক বেশি কঠিন হয়ে যায়,” যোগ করেন মুশফিক।
শুক্রবার একজন পেসার নিয়ে খেললেও শেষ ওয়ানডেতে দুজন পেসার খেলানোর সম্ভাবনার কথা জানিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, “আজকের ম্যাচের পিচ স্পিন-সহায়ক ছিল। তবে শনিবার পিচ দেখে পেস-সহায়ক মনে হলে দুজন পেসার খেলানো হতে পারে।”
অপরাজিত ৫৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলা মাহমুদুল্লাহকে এত পরে ব্যাট করতে পাঠানোর ব্যাখ্যা দিতে গিয়ে মুশফিক বলেন, “রিয়াদ ভাই সাধারণত ৭ নম্বরেই ব্যাট করেন। দলে বেশ কয়েকজন নতুন ব্যাটসম্যান আসায় আমাকে, নাসিরকে আর রিয়াদ ভাইকে নিচে ব্যাট করতে হচ্ছে। নতুনদের পরে নামানো হলে টেল এন্ডাররা সমস্যায় পড়তে পারে। তাছাড়া রিয়াদ ভাই দারুণ খেলছেন। তার মতো দায়িত্বশীল ব্যাটিং টপ আর মিডল অর্ডারের কাছ থেকেও আমরা চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩৯ঘ.
bdnews24