ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক অ্যালিস্টার কুকের রেকর্ড গড়ার দিনে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতকে ৩১৬ রানে অলআউট করে দিন শেষে ১ উইকেটে ২১৬ রান করেছে তারা। ১০০ রানে পিছিয়ে থাকলেও অতিথিদের হাতে আছে ৯ উইকেট।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক বোলাররা পাত্তাই পাননি। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে নিক কম্পটনকে (৫৭) নিয়ে ১৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েছেন কুক।
অ্যান্ড্রু স্ট্রাউসের কাছ থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকেই কুকের ব্যাটে রানের জোয়ার। ভারত সফরে টানা তিন টেস্টে শতক করে তিনি অপরাজিত আছেন ১৩৬ রানে। ২৩৬ বলের ইনিংসটিতে ১৯টি চার ও একটি ছক্কা। দিন শেষে কুকের সঙ্গী ২১ রানে অপরাজিত জোনাথন ট্রট।
এই ইনিংস খেলার পথে অনেকগুলো অর্জন এখন কুকের হাতের মুঠোয়। এই টেস্ট শুরু হওয়ার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বিশেষ সম্মাননা জানিয়েছে টেড ডেক্সটারকে। সেই ডেক্সটারেরই গড়া ৫১ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দিয়েছেন কুক। ভারত সফরে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব এখন তারই।
টেস্টে সর্বকনিষ্ঠ হিসেবে ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। আরেকটি কীর্তি অবশ্য এ দুটোর চেয়েও বড়। ইংল্যান্ডের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি ২৩টি শতক করেছেন কুক। ২২টি শতক নিয়ে ঠিক তার পেছনে আছেন ওয়ালি হ্যামন্ড, কলিন কাউড্রে, জিওফ বয়কট ও সতীর্থ কেভিন পিটারসেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩১৬ (গম্ভীর ৬০, শেবাগ ২৩, পুজারা ১৬, টেন্ডুলকার ৭৬, কোহলি ৬, যুবরাজ ৩২, ধোনি ৫২, অশ্বিন ২১, জহির ৬, ইশান্ত ০, ওঝা ০*; পানেসার ৪/৯০, অ্যান্ডারসন ৩/৮৯, সোয়ান ১/৪৬, ফিন ১/৭৬)
ইংল্যান্ড: ২১৬/১ (কুক ১৩৬*, কম্পটন ৫৭, ট্রট ২১*; ওঝা ১/৬৫)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০১ঘ.
bdnews24