২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের অর্ধশতকেও স্বস্তিতে নেই ভারত

অনেক দিন পর শচীন টেন্ডুলকারের ব্যাটে রান। কিন্তু তার দৃঢ়তাপূর্ণ ৭৬ রানও কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ভারতকে স্বস্তিতে রাখতে পারেনি। প্রথম দিন শেষে স্বাগতিকদের স্কোর ৭ উইকেটে ২৭৩ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর শচীন টেন্ডুলকারের ব্যাটে রান। কিন্তু তার দৃঢ়তাপূর্ণ ৭৬ রানও কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ভারতকে স্বস্তিতে রাখতে পারেনি। প্রথম দিন শেষে স্বাগতিকদের স্কোর ৭ উইকেটে ২৭৩ রান। কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নামা ভারতের শুরুটা মন্দ হয়নি। তবে গৌতম গম্ভীরের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান বীরেন্দর শেবাগ (২৩)। দলীয় ৮৮ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন চেতেশ্বর পুজারা (১৬)। এরপরই তুমুল করতালির অভিবাদন নিয়ে ব্যাট করতে নামেন টেন্ডুলকার। প্রথম দুই টেস্টে সব মিলিয়ে মাত্র ২৯ রান করার দুঃস্বপ্নকে পেছনে ফেলে শুরু থেকে আস্থার সঙ্গে খেলতে থাকেন টেন্ডুলকার। ৯৯ বলে পৌঁছে যান ৬৬তম অর্ধশতকে। কিন্তু ৫২তম টেস্ট শতকের দেখা পাননি। জেমস অ্যান্ডারসনের বলে দারুণ এক ক্যাচ নিয়ে টেন্ডুলকারকে ফেরাতে বড় অবদান উইকেট রক্ষক ম্যাট প্রায়রের। ১৫৫ বলের ইনিংসটিতে ১৩টি চার। টেন্ডুলকার ছাড়া বুধবার অর্ধশতক পেয়েছেন আরেক জন, ৬০ রান করা গৌতম গম্ভীর। কিন্তু অন্যরা দায়িত্ব নিয়ে না খেলায় প্রথম দিন শেষে স্বাগতিকরা দুশ্চিন্তায়। ৬৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে বড় ক্ষতি করেছেন অ্যান্ডারসন। ৭৪ রানে ২ উইকেট নেন মন্টি পানেসার। সংক্ষিপ্ত স্কোর: ভারত প্রথম ইনিংস: ২৭৩/৭ (গম্ভীর ৬০, শেবাগ ২৩, পুজারা ১৬, টেন্ডুলকার ৭৬, কোহলি ৬, যুবরাজ ৩২, ধোনি ২২*, অশ্বিন ২১, জহির ০*; অ্যান্ডারসন ৩/৬৮, পানেসার ২/৭৪, সোয়ান ১/৪৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৩ঘ.