ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে নিজেদের পয়া মাঠ বলে মনে করেন ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজ কোচের দৃঢ় বিশ্বাস, বুধবার তৃতীয় ওয়ানডেতে বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা রান পেলে তার দল ঘুরে দাঁড়াবেই।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে গিবসন বলেন, “প্রথম দুই ওয়ানডেতে আমাদের বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। তাই লড়াইয়ের মতো রান ওঠেনি। কাল (বুধবার) তারা দায়িত্ব নিয়ে খেললে আমরা ঘুরে দাঁড়াবই।”
“দুই ম্যাচেই আমাদের ব্যাটসম্যানরা উইকেট উপহার দিয়ে এসেছে। এ ব্যাপারে আমাদের আরো সতর্ক হতে হবে, পরিকল্পনা নিয়ে খেলতে হবে। বিশেষ করে ওদের স্পিনারদের ভালোভাবে সামলে লড়াই করার মতো সংগ্রহ গড়তে হবে,” যোগ করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসারের দৃঢ় বিশ্বাস, পয়া মাঠ এবারো তাদের হতাশ করবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই ভেন্যু (শের-ই-বাংলা স্টেডিয়াম) আমাদের জন্য পয়া। এখানে এবার আমরা টেস্ট জিতেছি। গত বছরও এই মাঠে ওয়ানডে জিতেছিলাম।”
“আমরা কখনোই ওয়ানডে সিরিজটা সহজ হওয়ার কথা ভাবিনি। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে, ওয়ানডেতে তারা অনেক উন্নতি করেছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৯ঘ.
bdnews24