ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়বেলায় রিকি পন্টিংয়ের ব্যাট জ্বলে ওঠেনি। তার দলও হেরেছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে। তবু হাসবার চেষ্টা করলেন অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মুহূর্তে হয়ে পড়লেন আবেগাক্রান্ত।
পার্থ টেস্ট শেষ হওয়ার পর সতীর্থদের কাঁধে চড়ে, মাঠ প্রদক্ষিণ করে, সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পন্টিং বলেন, “সাধারণত বিশেষ মুহূর্তগুলো সামনে এলে আর আমি চাপের মধ্যে াকলে কোনো একটা প খুঁজে বের করার চেষ্টা করতাম। চেষ্টা করতাম যত বেশি সম্ভব রান করে সব সমস্যার সমাধানের।”
“কিন্তু এবার আমি তা করতে পারলাম না। আর তখনই আমি বিদায়ের ঘন্টা শুনতে পেলাম। আসলে মন থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে বিদায় নেয়ার এটাই সঠিক সময়,” যোগ করেন তিনি।
১৭ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে পার্থে অভিষেক টেস্ট খেলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের সমাপ্তিও টানলেন সেই পার্থেই। এই দীর্ঘ সময়ে অনেক চড়াই-উৎরাই পেরোতে হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট-ওয়ানডে দুটোতেই সবচেয়ে বেশি রানের মালিককে।
সবার মতো তিনিও জানতেন, এক সময় বিদায় বলতেই হবে। তবুও বিদায়বেলায় আবেগ ধরে রাখতে পারেননি।
পন্টিং বলেন, “এই সপ্তাহে যা হল (তার বিদায়) তার চেয়েও অনেক বড় রূপকথার সমাপ্তি আমি নিজের চোখেই দেখেছি। কিন্তু তারপরও আমার কাছে সময়টা অসহনীয় লাগছে।”
“সব কথার শেষ কথা হল আমার এখানেই বিদায়, এখানেই আমার আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের সমাপ্তি,” যোগ করেন অস্ট্রেলিয়ার দুটো ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
সোমবার শেষ বারের মতো টেস্ট ক্রিকেটে ব্যাট করতে নামার সময় দক্ষিণ আফ্রিকা দল ‘গার্ড অব অনার’ দেয় তাকে। সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গে পন্টিং বলেন, “স্বীকার করতে হবে যে এটা কিছুটা অপ্রত্যাশিত ছিল। কিছুটা বিব্রতকরও। সেই সঙ্গে বিদায়ের অসাধারণ এক চিত্রও বটে। ঐ সময় আমি তাদের ধন্যবাদও দিয়েছি।”
তবে বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার পর্যুদস্ত হওয়ার হতাশা লুকিয়ে রাখতে পারেননি টেস্টে তৃতীয় সর্বোচ্চ (৪১) ও ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ (৩০) শতকের মালিক। অবশ্য টেস্ট র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ধরে রাখা দক্ষিণ আফ্রিকানদের প্রশংসা করতেও ভোলেননি।
পন্টিং বলেন, “দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। ওরা টানা দুটো সিরিজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে দিয়েছে। এতেই প্রমাণিত, ওরাই এখন ক্রিকেট বিশ্ব শাসন করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২১৪৭ঘ.
bdnews24