২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের বিদায়ী টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়

অস্ট্রেলীয়দের দুঃখ বহু গুণ বাড়িয়ে রিকি পন্টিংয়ের বিদায়ী টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সোমবার পার্থে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষ হওয়ার ঠিক আগে অস্ট্রেলিয়াকে ৩২২ রানে অলআউট করে ৩০৯ রানের বিশাল জয় পেয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলীয়দের দুঃখ বহু গুণ বাড়িয়ে রিকি পন্টিংয়ের বিদায়ী টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সোমবার পার্থে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষ হওয়ার ঠিক আগে অস্ট্রেলিয়াকে ৩২২ রানে অলআউট করে ৩০৯ রানের বিশাল জয় পেয়েছে তারা। ১-০ ব্যবধারে সিরিজ জয়ের সুবাদে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও অক্ষুন্ন রইল গ্রায়েম স্মিথের দলের। আরেকটি কৃতিত্বও আছে তাদের। ১৯৮০ ও ’৯০-এর দশকের ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুবার টেস্ট সিরিজ জয়ের কীর্তি দক্ষিণ আফ্রিকারই। ৬৩২ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। রোববার কোনো রকমে ১৩ ওভার কাটিয়ে দিলেও সোমবার শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দিনের তৃতীয় বলেই ডেভিড ওয়ার্নারকে স্লিপে গ্রায়েম স্মিথের ক্যাচ বানিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করেন ভার্নন ফিল্যান্ডার। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান এড কাওয়ানের সঙ্গে শেন ওয়াটসন ৪১ রানের জুটি গড়ার পর আবার আঘাত। মর্নে মরকেলের বলে স্লিপে সেই স্মিথকেই ক্যাচ দেন ওয়াটসন। তারপরই তুমুল করতালি এবং প্রতিপক্ষের ফিল্ডারদের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেয়া ‘গার্ড অব অনার’ নিয়ে পন্টিংয়ের প্রবেশ। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট-ওয়ানডে দুটোতেই সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের শেষ টেস্ট ইনিংস স্থায়ী হল মাত্র ২৩ বল। দুটো চার মেরে পার্থের ওয়াকা গ্রাউন্ডের দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দিলেও ঐ ৮ রানেই বিদায় নেন পন্টিং, বাঁহাতি স্পিনার রবিন পিটারসনকে কাট করতে গিয়ে স্লিপে জ্যাক ক্যালিসকে ক্যাচ দিয়ে। বিদায় নেয়ার সময় আবার আবেগঘন মুহূর্ত। ১৭ বছর আগে যেখানে অভিষেক হয়েছিল, সেই ওয়াকাতেই হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে সবার করতালি আর অভিনন্দন নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান পন্টিং। এরপর কাওয়ান (৫৩), মাইকেল ক্লার্ক (৪৪), মাইক হাসিরা (২৬) অনেক চেষ্টা করলেও হার এড়াতে পারেননি। তবে অতিথিদের জয়ের অপেক্ষা বাড়িয়ে শেষ উইকেটে ৮৭ রানের জুটি গড়েন মিচেল স্টার্ক ও নাথান লিয়ন। মাত্র ৩২ বলে প্রথম অর্ধশতকে পৌঁছানো স্টার্ক ৪৩ বলে ৯ চার ও দুই ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থেকে যান। ৩১ রান করা লিয়নকে আউট করে জয়োল্লাসে মেতে ওঠেন ডেল স্টেইন। স্টেইন আর পিটারসন নেন তিনটি করে উইকেট। ফিল্যান্ডার ও মরকেলের দুটো করে উইকেট। দল হারলেও প্রথম দুই টেস্টে দুটো অনবদ্য দ্বি-শতক সিরিজ সেরার পুরস্কার এনে দিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ককে। ১৯৬ রানের অসাধারণ ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হাশিম আমলা। সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ২২৫ (দু প্লেসি ৭৮*; লিয়ন ৩/৪১) ও ৫৬৯ (আমলা ১৯৬, ডি ভিলিয়ার্স ১৬৯; স্টার্ক ৬/১৫৪) অস্ট্রেলিয়া : ১৬৩ (ওয়েড ৬৮; স্টেইন ৪/৪০) ও ৩২২ (কাওয়ান ৫৩, ওয়ার্নার ২৯, ওয়াটসন ২৫, পন্টিং ৮, ক্লার্ক ৪৪, হাসি ২৬, ওয়েড ১০, হেস্টিংস ২০, জনসন ৩, স্টার্ক ৬৮*, লিয়ন ৩১; স্টেইন ৩/৭২, পিটারসন ৩/১২৭, ফিল্যান্ডার ২/৪১, মরকেল ২/৫৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৮ঘ.