২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারের লাশ উদ্ধার

তুরাগ থানার বেড়িবাঁধ থেকে অনূর্ধ্ব ১৯ দলের সাবেক ক্রিকেটার কুন্তল চন্দ্র পাপনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ থানার বেড়িবাঁধ থেকে অনূর্ধ্ব ১৯ দলের সাবেক ক্রিকেটার কুন্তল চন্দ্র পাপনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ২৯ বছর বয়সি কুন্তল ২০০০ সালে অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড় ছিলেন। এই উইকেট কিপার-ব্যাটসম্যান জাতীয় ক্রিকেটে চট্টগ্রাম বিভাগীয় দলেও খেলতেন। সোমবার সকালে জোড় বেড়িবাঁধ এলাকা থেকে পাপনের লাশ উদ্ধার করা হয় বলে তুরাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পুলিশ পরিচয় না পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশটি থানায় নিয়ে আসে। বেলা ১১টারর দিকে কুন্তলের বড়ভাই কৌশিক চন্দ্র টুকন লাশ শনাক্ত করেন। ওসি বলেন, কুন্তলের পরিবার একটি হত্যা মামলা করেছে। তবে এতে কাউকে আসামি করা হয়নি। কুন্তল রোববার ধামরাইয়ে তার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে তার মামাত ভাই রনজিৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “গতকাল সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার লাশ তুরাগ থানায় শনাক্ত করা হয়।” কুন্তলের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল এবং মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় এটা হত্যাকাণ্ড বলে মনে করছে পরিবার। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। কুন্তলের বাড়ি টাঙ্গাইল সদরের চন্দ্রপাড়া গ্রামে। তারা বাবা কমল চন্দ্র। কুন্তল তিনটি ফার্স্টক্লাস ম্যাচ খেলে ২৬ গড়ে ১৩২ রান করেছেন। এর মধ্যে একটি অর্ধশতকও রয়েছে। আটটি ক্যাচ ধরেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এমআই/২০১৩ ঘ.