ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মাসে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে আসছে পাকিস্তান। ভারতে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
তিনি বলেন, “আসন্ন সিরিজটিকে আমি বড় একটা সুযোগ হিসেবে দেখছি। যেখানে দল হিসেবে আমরা পুরো বিশ্বকে দেখানোর সুযোগ পাব যে, আমরা যে কোনো জায়গায় যে কোনো দলকে হারাতে পারি।”
“ভালো খেলার ক্ষমতা পাকিস্তানের আছে। ক্রিকেট জাতি হিসেবে পাকিস্তান যে কতটা শক্তিশালী তা এই সফরেই প্রমাণের সুযোগ পাব আমরা।”
দীর্ঘ ৫ বছর পর ভারত সফরে যাচ্ছে পাকিস্তান। দু দেশের ক্রিকেট-সম্পর্ক আগের মতো স্বাভাবিক করার প্রত্যাশা জানিয়ে হাফিজ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে ক্রিকেটের বাইরের কারণে আমরা নিয়মিতভাবে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পারিনি। যেহেতু ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে অনেক টানাপোড়েন, তাই আমাদের উচিৎ ক্রিকেট এবং যে কোনো খেলাকেই সব কিছুর বাইরে রাখা। কারণ সব সময়ই এমন কিছু না-কিছু ঘটনা ঘটে যা দুই দেশের ক্রিকেট-সম্পর্কের ওপরে বিরূপ প্রভাব ফেলে।”
এদিকে ভারত সফরের সময় পাকিস্তানের ক্রিকেটারদের ওপরে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র নাদিম সারওয়ার জানান, “নিরাপত্তার স্বার্থে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। বন্ধু কিংবা ভক্তদের আমন্ত্রনে সাড়া দিয়ে কোনো ক্রিকেটার কোনো পার্টিতে অংশ নিতে পারবে না। তেমনি তারাও হোটেল রুমে কোনো অতিথিকে আমন্ত্রন জানাতে পারবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২১৫২ঘ.
bdnews24