২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ স্যামি তাকিয়ে ঢাকার দিকে

প্রথম দুই ওয়ানডে হেরে যাওয়ায় ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এখন হারের শঙ্কায়। ড্যারেন স্যামি স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। তবে খুলনার ব্যর্থতাকে পেছনে ফেলে ঢাকায় নতুনভাবে সিরিজ শুরু করার প্রত্যাশা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুই ওয়ানডে হেরে যাওয়ায় ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এখন হারের শঙ্কায়। ড্যারেন স্যামি স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। তবে খুলনার ব্যর্থতাকে পেছনে ফেলে ঢাকায় নতুনভাবে সিরিজ শুরু করার প্রত্যাশা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রশংসা করে স্যামি বলেন, “তারা (বাংলাদেশ) অনেক ভালো খেলেছে। তরুণ আনামুল ও অধিনায়ক মুশফিকের ব্যাটিং ছিল অসাধারণ।” “বাংলাদেশের বোলাররাও ভালো খেলেছে। টানা দুই ম্যাচে আমাদের ব্যাটসম্যানদের বেঁধে রাখার কৃতিত্ব তাদের দিতেই হবে,” যোগ করেন তিনি। এরপরই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের দোষারোপ করেন স্যামি। তিনি বলেন, “পিচে কোনো সমস্যা ছিল বলে আমার মনে হয়নি। যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা সহজেই খেলেছে সেখানে আমরা খেলতেই পারিনি।” “টানা দুই ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ। আমাদের বেশিরভাগ ব্যাটসম্যান আক্রমণাত্মক শট খেলতে পছন্দ করে। এ ধরনের পিচে নেমেই তেমন শট খেলা কঠিন। পিচের সঙ্গে মানিয়ে নিতে পারলে বড় জুটি গড়া সম্ভব। কিন্তু আমরা বড় কোনো জুটিই গড়তে পারিনি,” যোগ করেন তিনি। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে সবগুলো ম্যাচ জয়ের সংকল্পের কথা জানিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক। কিন্তু উল্টো তারাই এখন সিরিজ হারের শঙ্কায়। স্যামি অবশ্য হাল ছেড়ে দিচ্ছেন না মোটেই। ঢাকায় ফিরে নিজেদের ফিরে পাওয়ার প্রত্যাশা তার। তিনি বলেন, “এখনো সিরিজ শেষ হয়ে যায়নি। আমাদের নতুন করে শুরু করতে হবে। ঢাকায় ফিরে প্রথম ম্যাচ থেকেই নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/এএআর/১৯৪৯ঘ.