২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনামুলের প্রথম শতক

দ্বিতীয় ওয়ানডেতেই প্রথম শতক পেয়েছেন আনামুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রান করেছেন ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। বাংলাদেশকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যাওয়া আনামুলের ১৪৫ বলের ইনিংসটি ১৩টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ওয়ানডেতেই প্রথম শতক পেয়েছেন আনামুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রান করেছেন ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। বাংলাদেশকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যাওয়া আনামুলের ১৪৫ বলের ইনিংসটি ১৩টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। প্রথম ওয়ানডেতে ৯ রানের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হন সেই ম্যাচে অভিষিক্ত আনামুল। দ্বিতীয় ওয়ানডেতে প্রথম অর্ধশতকে পৌঁছানোর পর সেটাকে শতকে পরিণত করতে ভুল করেন নি তিনি। ৬০ বলে ৯টি চারের সৌজন্যে অর্ধশতকে পৌঁছান তিনি। দ্বিতীয় অর্ধশতকে পৌঁছাতে তাকে খেলতে হয়েছে ৭৮ বল। এ সময় আরো ৩টি চার হাঁকিয়েছেন তিনি। শতকে পৌঁছানোর পর আনামুলের অন্য চেহারা এরপর ৭ বল খেলে আরো ২০ রান করেন তিনি। এ সময় ১টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। বাংলাদেশের দ্বাদশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক পেলেন আনামুল। স্বাগতিকদের পক্ষে এটি ২৩তম শতক। শতরান করার পথে তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ১৭৪ রানের রেকর্ড জুটি গড়েন তিনি। তৃতীয় উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০৮ সালে পাকিস্তানের লাহোরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪১ রানের জুটি গড়েন মোহাম্মদ আশরাফুল ও রকিবুল হাসান। যে কোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ২০০৬ সালে ফতুল্লায় কেনিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে ১৭৫ রানের জুটি গড়েছিলেন রাজিন সালেহ ও হাবিবুল বাশার। গত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক আনামুলের ব্যাট থেকে এসেছিল দুটি শতক। ২০০৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর এ পর্যন্ত ২৩ ম্যাচে ৭টি শতকসহ ৪৫.৪২ গড়ে ১৭২৬ রান করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৪৩ ঘ.