ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে সহজ জয় পাওয়া বাংলাদেশের লক্ষ্য সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া।
অতীতের হতাশা কাটিয়ে ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহ করার মতো দল। গত মার্চে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের লিগ পর্বে ভারত আর শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল মুশফিকুর রহিমের দল। এরপর পাকিস্তানের সঙ্গে ফাইনালে জয়ের কাছাকাছি গিয়েও হেরে যায় মাত্র ২ রানে।
শুক্রবার ৮ মাসেরও বেশি সময় পর ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। তবে সব শঙ্কা পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে দেয় তারা।
প্রথম ম্যাচে পাওয়া জয়ে অনুপ্রাণিত মাশরাফি বিন মুর্তজা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। শনিবার বাংলাদেশ দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দেশের সেরা পেসার বলেন, “প্রথম ম্যাচ হারলেও সিরিজ জয়ের কথাই ভাবতাম আমরা। এই পর্যায়ে মানসিকভাবে ইতিবাচক থাকা ভীষণ জরুরি। ইতিবাচক থাকার কোনো বিকল্প নেই।”
“ওদের (ওয়েস্ট ইন্ডিজের) সামর্থ্য সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। ওরা ঘুরে দাঁড়াতে চাইবে। আমি জানি, কাল (রোববার) শুরু থেকে ওরা আক্রমণাত্মক ব্যাটিং করতে চাইবে। এই চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত,” যোগ করেন তিনি।
প্রথম ওয়ানডে সহজে জিতলেও মাশরাফি মনে করেন আরো অনেক উন্নতি করতে হবে তাদের। তিনি বলেন, “আমাদের জন্য ইতিবাচক ব্যাপার হল শুরুটা ভালো হয়েছে। যে কোনো সিরিজের শুরু জয় দিয়ে হওয়ার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।”
“তবে আমাদের ব্যাটিং-বোলিং দুটোতেই আরো উন্নতি করতে হবে। বিশেষ করে উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া ব্যাটসম্যানদের আরো বড় ইনিংস খেলা উচিৎ,” যোগ করেন মাশরাফি।
বাংলাদেশ প্রথম ম্যাচে চার জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছিল। তাই অভিষিক্ত আবুল হাসান ও সোহাগ গাজীসহ বিশেষজ্ঞ বোলাররা বেশ চাপে ছিলেন জানিয়ে মাশরাফি বলেন, “আমাদের চার জন বোলারকে ১০ ওভার করে করতে হয়েছে। অবশ্য অন্যদের বেশি বল না করার ভালো দিককেও মাথায় রাখতে হবে।”
“ওদের অনেকেই শট খেলতে পছন্দ করে। তাদের বেঁধে রাখার দায়িত্ব আমাদের পেসারদের। সেক্ষেত্রে স্পিনারদের কাজটা একটু সহজ হবে। অভিষেকে রাজু (হাসান) দারুণ বল করেছে। গেইলকে সে কোনো শট খেলতে দেয়নি,” যোগ করেন তিনি।
প্রথমে ব্যাট করার সুযোগ পেলে মাশরাফির লক্ষ্য ২৬০ থেকে ২৭০ রান করা। তিনি বলেন, “শুরুতে বোলিং করলে দুয়েকটা উইকেট ফেলে দিতে পারলে ওরা চাপে পড়ে যাবে। প্রথম ম্যাচে ওরা অতিরিক্ত শট খেলতে গিয়ে বেশি বিপদে পড়ে গেছে। অন্যদিকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলে আমাদের অন্তত ২৬০/২৭০ রান করতে হবে। তাহলেই বোলাররা লড়াই করার মতো সংগ্রহ পাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৪ঘ.
bdnews24