২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্থ টেস্টের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতে

পার্থে তৃতীয় ও শেষ টেস্টে সুবিধাজনক অবস্থায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৬৩ রানে শেষ করে ৬২ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকানদের দ্বিতীয় দিন শেষে সংগ্রহ ২ উইকেটে ২৩০ রান। সব মিলিয়ে অতিথিরা এগিয়ে ২৯২ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থে তৃতীয় ও শেষ টেস্টে সুবিধাজনক অবস্থায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৬৩ রানে শেষ করে ৬২ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকানদের দ্বিতীয় দিন শেষে সংগ্রহ ২ উইকেটে ২৩০ রান। সব মিলিয়ে অতিথিরা এগিয়ে ২৯২ রানে। শনিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড বা ওয়াকায় ২ উইকেটে ৩৩ রান নিয়ে ব্যাট করতে নেমে ভীষণ বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। ডেল স্টেইন ও ভার্নন ফিল্যান্ডারের মারাত্মক বোলিংয়ে ১২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। রিকি পন্টিংয়ের শেষ টেস্টের প্রথম ইনিংস ৭ বলের বেশি স্থায়ী হতে দেননি ফিল্যান্ডার। টেস্ট-ওয়ানডে দুটোতেই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। মাত্র ৪ রান করার হতাশা নিয়ে ফিরতে হয় পন্টিংকে। প্রথম দুই টেস্টে অপরাজিত ২৫৯ ও ২৩০ রানের দুটো দুর্দান্ত ইনিংস খেলা মাইকেল ক্লার্কও বেশি দূর যেতে পারেননি। ৫ রান করে স্টেইনের বলে উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে ম্যাথু ওয়েডের ৬৮ ও অভিষিক্ত জন হেস্টিংসের ৩২ রান আরো বড় লজ্জার হাত থেকে রক্ষা করে স্বাগতিকদের। ৪০ রানে ৪ উইকেট নেন স্টেইন। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভেঙ্গে যায় ২৮ রানে। এরপর অধিনায়ক গ্রায়েম স্মিথের (৮৪) সঙ্গে ১৭৮ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন হাশিম আমলা। মাত্র ৮৪ বলে ৯৯ রানে অপরাজিত হামলার আক্রমণাত্মক ইনিংসে ১০টি চার। অন্য প্রান্তে ১৭ রান নিয়ে ব্যাট করছেন জ্যাক ক্যালিস। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২২৫ ও ২৩০/২ (পিটারসেন ২৩, স্মিথ ৮৪, আমলা ৯৯*, ক্যালিস ১৭*; জনসন ১/৩৫, স্টার্ক ১/৭৬) অস্ট্রেলিয়া: ১৬৩ (ওয়ার্নার ১৩, কাওয়ান ০, ওয়াটসন ১০, লিয়ন ৭, পন্টিং ৪, ক্লার্ক ৫, হাসি ১২, ওয়েড ৬৮, হেস্টিংস ৩২, জনসন ৭, স্টার্ক ০*; স্টেইন ৪/৪০, পিটারসন ৩/৪৪, ফিল্যান্ডার ২/৫৫, মরকেল ১/১৯) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৫ঘ.