বাংলাদেশের অনুপ্রেরণা এশিয়া কাপের সাফল্য
টেস্ট সিরিজ হারার পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার খুলনায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
৮ মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশের অনুপ্রেরণা গত মার্চে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপের সাফল্য। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে সকাল ৯টায়।
দুটো টেস্টেই হার মানলেও ওয়ানডেতে লড়াই করার ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে ক্রিস গেইল, সুনীল নারায়ণ, কাইরন পোলার্ডদের মতো ওয়ানডে-বিশেষজ্ঞরা ছাড়াও স্বাগতিকদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে ওয়ানডের নতুন নিয়ম।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “ওয়ানডেতে বেশ কিছু দিন ধরেই আমরা ভালো খেলছি। আশা করি এই সিরিজেও তার ধারাবাহিকতা বজায় রাখতে পারব।”
“তবে সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ খুবই বিপজ্জনক দল। ওদের দলে বেশ কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যান আছে। তাদের আটকানোর জন্য আমাদের বোলারদের পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে। অবশ্য আইসিসির নতুন নিয়ম আমাদের জন্য কাজটা একটু কঠিন করে দিয়েছে,” যোগ করেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ওয়ানডেতে এখন থেকে দুটি পাওয়ার প্লে হবে। প্রথম দশ ওভারের পাওয়ার প্লে আগের মতোই আছে। দ্বিতীয় পাওয়ার প্লে নিতে পারবে ব্যাটিং দল এবং তা শেষ হতে হবে ৪০ ওভারের মধ্যে।
বাকি ৩৫ ওভারে সর্বোচ্চ চার জন ফিল্ডার ৩০ গজের সীমানার বাইরে থাকতে পারবে। আগে থাকতে পারতো পাঁচ জন। নতুন নিয়মের কারণে স্পিনারদের কাজ অনেক কঠিন হয়ে পড়বে। তবে একটির পরিবর্তে দুটি বাউন্সার দেয়ার নিয়ম পেসারদের বাড়তি সুবিধা দেবেই।
বাংলাদেশের মূল শক্তি স্পিন আক্রমণ। চোটের কারণে প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তা অনেকটাই ধারহীন।
সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গে মুশফিক বলেন, “সাকিব না খেলায় আমাদের ক্ষতি হবে। সে শুধু আমাদের সেরা খেলোয়াড়ই নয়, বিশ্বসেরা অলরাউন্ডারও।”
“তবে প্রত্যেকে নিজের সেরাটা ঢেলে দিতে পারলে ভালো করা সম্ভব। বিপজ্জনক গেইলকে দ্রুত আউট করার ওপরে আমাদের সাফল্য অনেকখানি নির্ভর করছে,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
নতুন নিয়মের কারণে বাংলাদেশের বোলারদের ভালোরকম পরীক্ষা দিতে হবে বলে মনে করেন এনামুল হক জুনিয়র। এই বাঁহাতি স্পিনার বলেন, “বৃত্তের বাইরে একজন ফিল্ডার কমে যাওয়ায় বাংলাদেশের স্পিনারদের অনেক কঠিন পরীক্ষায় পড়তে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচে এই কারণে ১২টি চার বেশি হয়েছে।”
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির লক্ষ্য টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও সবগুলো ম্যাচ জয়। তিনি বলেন, “আমরা বাংলাদেশে সব ম্যাচ জিততে এসেছি। আপাতত শুক্রবারের প্রথম ওয়ানডের দিকে তাকিয়ে আছি।”
“প্রত্যেক ম্যাচে আমরা ৩০০র বেশি রান করতে চাই। কয়েক জন আক্রমণাত্মক ব্যাটসম্যান ছাড়াও আমাদের ভালো স্পিনার ও পেসারও আছে,” যোগ করেন স্যামি।
প্রথম দুই ম্যাচে সাকিব না খেললেও স্যামির দৃষ্টিতে বাংলাদেশ দারুণ সমীহ জাগানো দল। তিনি বলেন, “ওয়ানডেতে বাংলাদেশ বিপজ্জনক দল। সাকিব ছাড়াও ওদের দলে বেশ কয়েকজন বিশ্ব মানের খেলোয়াড় আছে। তবে আমাদের দলটিও যথেষ্ট ভারসাম্যপূর্ণ।”
