২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়ে যাচ্ছে বাংলাদেশ

দ্বিশতক ও দীনেশ রামদিনের শতকের সৌজন্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৪ উইকেটে ৫২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রান করেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে স্বাগতিকদের প্রয়োজন আরো ১৬৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

শিবনারায়ণ চন্দপলের দ্বিশতক ও দীনেশ রামদিনের শতকের সৌজন্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৪ উইকেটে ৫২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রান করেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে স্বাগতিকদের প্রয়োজন আরো ১৬৪ রান।

টপ অর্ডারের তিন বাঁহাতি ব্যাটসম্যানের বাজে শট বাংলাদেশকে চাপে ফেলেছে। অফস্ট্যাম্পের বাইরে বলে খোঁচা মেরে জুনায়েদ সিদ্দিকের (৮) বিদায়ে ভাঙ্গে ২৫ রানের উদ্বোধনী জুটি।

শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা তামিম ইকবালের সঙ্গে পাল্লা দিয়ে খেলছিলেন শাহরিয়ার নাফীসও। রবি রামপলের অফস্ট্যাম্পের অনেক বাইরের বলে খোঁচা মেরে রামদিনের হাতে ক্যাচ দিয়ে ভেঙ্গে যায় ৬৩ রানের স্বপ্ন দেখানো জুটি।

ব্যক্তিগত ৬৯ রানে ড্যারেন স্যামির খাটো লেন্থের বল পুল করতে গিয়ে ক্যাচ উঠলেও সে যাত্রায় বেঁচে যান তামিম। কিন্তু এরপরই ছন্দ হারিয়ে ৭২ রানে স্যামির বলে সুনীল নারায়ণ হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। অথচ এই বলটি মাঠের যে কোনো প্রান্তে পাঠানোর সামর্থ্য তার রয়েছে। তার ৭১ বলের বলের ইনিংসটি ১০টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

চতুর্থ উইকেটে ৪৫ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন নাঈম ইসলাম ও সাকিব আল হাসান। নাঈম ২৭ ও সাকিব ১৬ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে স্বাগতিকরা ৩৬৩ রানে পিছিয়ে।

এর আগে নিজের ২৬তম শতকটিকে দ্বিতীয় দ্বিশতকে পরিণত করা চন্দরপল শেষ পর্যন্ত ২০৩ রানে অপরাজিত থাকেন। ২০০৫ সালের মার্চে জর্জটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার প্রথম দ্বি-শতকটিতেও ২০৩ রানে অপরাজিত ছিলেন। চার সেশন ধরে ব্যাট করা চন্দরপলের ৩৭২ বলের ইনিংসটি ২২টি চার সমৃদ্ধ। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি ষোলতম দ্বি-শতক।

২৩৬ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৬ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রামদিন।

পঞ্চম উইকেটে ৮২ ওভার ৫ বলে ২৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন চন্দরপল-রামদিন। পঞ্চম উইকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০৫ সালের সেপ্টেম্বরে কলম্বোয় থিলান সামারাবীরা ও তিলকারতেœ দিলশান ২৮০ রানের জুটি গড়েছিলেন।

আগের দিনের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিকে এ পর্যন্ত নিয়ে যাওয়ার পথে একটা একটা দুরূহ সুযোগ দিয়েছিলেন সে সময় ১৩৫ রানে ব্যাট করা চন্দরপল। সোহাগ গাজীর বলে স্লিপে তার কঠিন ক্যাচটি ধরতে পারেন নি জুনায়েদ সিদ্দিক।

সকালে উইকেট থেকে স্বাগতিক বোলাররা একটু সহয়তা পেলেও চন্দরপল ও রামদিনের কোনো অসুবিধা হয়নি, সে সময়ে ৫৫ রান যোগ করেন তারা। এরপর মাইলফলকে পৌঁছানোর সম্ভাবনায় দুজনই এরপর নিজেদের একটু গুটিয়ে নেন। মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ঘন্টায় যোগ করেন আরো ২১ রান।

দ্বিতীয় সেশনের শুরুতেই শতকে পৌঁছান রামদিন। এটি তার তৃতীয় শতক। চলতি বছরের দ্বিতীয়। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই টেস্টে শতক পেলেন তিনি। এর আগে ২০০২ সালে কলকতা সর্বশেষ দেশের বাইরে এক টেস্টে তাদের তিন ব্যাটসম্যান শতকে পৌঁছেছিলেন।

তিন অঙ্কের কোঠায় পৌঁছানোর পর রামদিন আক্রমণাত্মক হয়ে উঠলেও দ্বিতীয় দ্বিশতকের সম্ভাবনায় চন্দরপল ছিলেন দারুণ সতর্ক। শেষ পর্যন্ত চা-বিরতির কিছুক্ষণ আগে লক্ষ্যে পৌঁছান তিনি। তার পরপরই ইনিংস ঘোষণা করে অতিথিরা, এই সেশনে ৯০ রান যোগ করেন তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৬১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সে সময় চন্দরপল ১২৩ ও রামদিন ৫২ রানে ব্যাট করছিলেন।

টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ রান। ২০০৪ সালের এপ্রিলে কিংস্টনে ৪ উইকেটে ৫৫৯ রানে ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০০২ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫৩৬ রান করে অতিথিরা।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫২৭/৪ডি. (গেইল ২৪, পাওয়েল ১১৭, ব্রাভো ১৪, স্যামুয়েলস ১৬, চন্দরপল ২০৩*, রামদিন ১২৬*, সোহাগ ৩/১৪৫, শাহাদাত ১/৮৫)

বাংলাদেশ: ১৬৪/৩ (তামিম ৭২, জুনায়েদ ৭, নাফীস ৩১, নাঈম ২৭*, সাকিব ১৬*; রামপল ২/৪৯, স্যামি ১/২১)