ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে টি- টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ভালোই সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজের। সোমবার নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করতে তারা মরিয়া।
এই ম্যাচে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি বলেন, “বদ্রি (স্যামুয়েল) খেলতে পারে। আবহাওয়া শুকনো থাকলে তার খেলার জোরালো সম্ভাবনা।”
অন্যদিকে সম্ভাবনা ক্ষীণ হলেও নিউজিল্যান্ড হাল ছেড়ে দেয়নি। তাদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ড্যানিয়েল ভেট্টরির মনে আশা জাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার ৯ উইকেটের বিশাল জয়।
তিনি বলেন, “শ্রীলঙ্কা যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তাতে আমরা অনেক ইতিবাচক দিক খুঁজে পেতে পারি। আশা করি (সোমবার) জয় পেয়ে আমরা লক্ষ্য পূরণ করতে পারবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০০ঘ.
bdnews24