২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ অতিথিদের

দ্বতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে ৫৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে ৫৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ২৩৪ রান করে হাই পারফরম্যান্স দল। জবাবে ৪৩ ওভারে ১৮১ রানে শেষ হয়ে যায় ‘এ’ দলের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায় ভীষণ বিপদে ফেলে দেয় ‘এ’ দলকে। তৃতীয় উইকেটে অধিনায়ক রকিবুল হাসানের (২৭) সঙ্গে ৫৮ ও পঞ্চম উইকেটে নাঈম ইসলামের (৩৪) সঙ্গে ৭২ রানের জুটি গড়ে স্বাগতিকদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শাহরিয়ার নাফীস। দলীয় ১৪৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮০ বলে ১১টি চারের সাহায্যে ৬৯ রান করেন নাফীস। তার কয়েকটি চার অবশ্য সৌভাগ্যজনকভাবে ব্যাটের কানায় লেগে। নাঈম-নাফীসের বিদায়ের পর বেশি দূর যেতে পারেনি ‘এ’ দল। ৪২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হার মানে তারা। ম্যাচ সেরা বীরাসামি পারমাউলের (৪/৩৩) ও শেলডন কটেরেলের (৪/৪০) দুর্দান্ত বোলিংই স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ। এর আগে কেডি লেসপরিস ৪৪ ও ইয়ানিক ক্যারিয়াহ ৩৬ রান করলেও ১৫৫ রানে ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় অতিথিরা। তবে জাহমার হ্যামিল্টন (৪৯) ও পারমাউলের (২৯) দৃঢ়তায় লড়াই করার মতো সংগ্রহ গড়ে তারা। ৪৭ রানে নাঈমের শিকার ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৬ঘ.