ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনা, রোমাঞ্চ, নাটকীয়তা। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ক্রিকেটপ্রেমীদের পরম আরাধ্য আরেকটি ‘যুদ্ধ’। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গেলে ভারতের বিদায় প্রায় নিশ্চিত।
শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের লজ্জাজনক হারই ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নদের খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে ২ উইকেটে হারিয়ে দেয়া পাকিস্তানের সামনে অবশ্য অতটা কঠিন সমীকরণ নেই।
ভারত-পাকিস্তান ম্যাচে অবশ্য সমীকরণ, হিসাব-নিকাশ শব্দগুলো নেহাতই ফাঁকা বুলি। এ এমনই এক ম্যাচ যেখানে মুহূর্তের নাটকীয় মোড়ে সব হিসাব-নিকাশ পাল্টে যায়।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দুটো ম্যাচেরই নির্মাতা ভারত-পাকিস্তান। গ্র“প পর্বে দু দলের লড়াই ‘টাই’ হওয়ার পর ভারত জিতেছিল বোল-আউটের (তখন সুপার ওভার ছিলো না) অদ্ভূত নিয়মে। øায়ু টান-টান ফাইনালেও শেষ হাসি ধোনির দলের, মাত্র ৫ রানে।
টি-টোয়েন্টিতে আর দেখা হয়নি দুদলের। দেখা হবে রোববার, বাংলাদেশ সময় রাত ৮টায়।
ভারতের জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তাদের অবিশ্বাস্য সাফল্য। টি-টোয়েন্টিতে মাত্র একটি বিশ্বকাপে দেখা হলেও ওয়ানডে বিশ্বকাপে পাঁচ বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
বিস্ময়করভাবে ১৯৯২, ’৯৬, ’৯৯, ২০০৩ ও ২০১১ বিশ্বকাপের প্রতিটিতেই বিজয়ী দলের নাম ভারত! গত বছর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েই ধোনির দলের শিরোপার পথে এগিয়ে যাওয়া।
তবে শচীন টেন্ডুলকারকে বিশ্বকাপ উপহার দেয়ার পর থেকেই ভারত কেমন যেন দিগ্ভ্রান্ত দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের পারফরম্যান্স ভীষণ অধারাবাহিক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো রকমে ১৪০ রান করে শেন ওয়াটসনের ঝড়ে উড়ে যাওয়া ভারতের অধিনায়ক ধোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। তিনি বলেন, “আমাদের ব্যাটসম্যানদের নিজেদের মেলে ধরতে হবে, আত্মবিশ্বাস নিয়ে আক্রমণাত্মক শট খেলতে হবে। তাদের প্রতিভা আর সামর্থ্য আছে। এখন শুধু নিজেকে মেলে ধরা প্রয়োজন।”
পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ তার দলের বিখ্যাত স্পিন আক্রমণের দিকে তাকিয়ে। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার মনে হয় এখানকার কন্ডিশন স্পিনারদের অনুকূলে। তবে ভারতের ব্যাটিং লাইনআপও দারুণ শক্তিশালী। আসলে আমরা কেমন খেলবো সেটাই সবচেয়ে বড় কথা।”
“দক্ষিণ আফ্রিকার চেয়ে এই ম্যাচের জন্য আমাদের পরিকল্পনা ভিন্ন হবে। সেদিনের মতো কালও (রোববার) তিন জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবো কিনা তা নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে আমাদের। আমরা সিদ্ধান্তটা নেবো পিচ দেখেই,” যোগ করেন পাকিস্তানের অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৭ঘ.
bdnews24