ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪০ রান করে ভারত। জবাবে ১৪ ওভার ৫ বলে ১ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলে ওয়াটসনের সঙ্গে ওয়ার্নারের ১৩৩ রানের জুটি অস্ট্রেলিয়ার সহজ নিশ্চিত করে। শুরুতে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভারতের বোলারদের ওপর চড়াও হন ওয়াটসন। যুবরাজ সিংয়ের বলে বদলি ফিল্ডার মনোজ তিওয়ারীর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে করেন ৭২ রান। তার ৪২ বলের ইনিংসে ২টি চার ও ৭টি ছক্কা।
ওয়াটসন ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ওয়ার্নার। ৪১ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলায় অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে বাদ দেয় ভারত। তার বদলে গৌতম গম্ভীরের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন ইরফান পাঠান।
গম্ভীর ১৭ ও বিরাট কোহলি ১৫ রান করলেও ভারতকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন ইরফানই। কিন্তু তিনি ৩০ বলে ৩১ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেললেও ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ভারত।
সেখান থেকে সুরেশ রায়নার ২৬ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১৫ রানের সৌজন্যে দেড়শর কাছাকাছি স্কোর গড়ে ভারত।
৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শেন ওয়াটসন অস্ট্রেলিয়ার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৭ ঘ.
bdnews24