২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ফরম্যাটে তিন অধিনায়ক!

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায়ে ভীষণ হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তাফা কামাল। সেই হতাশা থেকেই তিন ফরম্যাটে তিন অধিনায়কের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায়ে ভীষণ হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তাফা কামাল। সেই হতাশা থেকেই তিন ফরম্যাটে তিন অধিনায়কের ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক তত্ত্ব এখনো ক্রিকেট বিশ্বে খুব একটা জনপ্রিয় নয়। তবে অস্টেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলে তিন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন আলাদা আলাদা অধিনায়ক। তিন অধিনায়ক বেছে নেয়ার ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি বলেন, “প্রত্যেক ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক করার জন্য এবার বোর্ডের কাছে প্রস্তাব দেবো।” ক্যান্ডির মাহাভেলি রিজ হোটেলে ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ দেখতে গিয়ে বিসিবি সভাপতিও উঠেছিলেন সেখানেই। বাংলাদেশের ফিল্ডিং নিয়ে মোটেও ভীষণ অসন্তুষ্ট বিসিবি সভাপতি বলেন, “ফিল্ডিংয়ে যাচ্ছেতাই অবস্থা। অনেকের ফিটনেসও ভালো নয়।” “তাদের (বাংলাদেশ দল) জন্য সব কিছু করা হয়েছে। অনেক প্রস্তুতি ম্যাচ খেলেছে। কিন্তু তাদের কোন উন্নতি দেখছি না,” যোগ করেন তিনি। পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলায়েন মুশতাককে স্পিন বোলিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেয়ার পর এই ক্ষেত্রেও কোনো উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “স্পিন বোলিংয়েও কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তাহলে এত টাকা খরচ করে বিদেশ থেকে কোচিং স্টাফ রেখে লাভ কি? আমি কোচিং স্টাফদের বিষয়টি পরবর্তী বোর্ড সভায় তুলবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/২১৩০ঘ.