ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে ইংল্যান্ডের স্পিন-দুর্বলতা ধরা পড়েছে প্রকটভাবে। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দ্বিতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের তাই স্পিন, বিশেষ করে সুনীল নারায়ণকে দিয়ে ‘বধ’ করার পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজের।
গ্র“প পর্বে হরভজন সিং ও পীযূষ চাওলার ঘূর্ণিতে বিপর্যস্ত ইংল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ৮০ রানে।
বৃহস্পতিবার তাই সুনীল নারায়ণের দিকে তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি বলেন, “আমাদের প্রত্যেক বোলারই গুরুত্বপূর্ণ, কিন্তু সুনীল আমাদের তুরুপের তাস। আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে তার অনেক সাফল্য। আশা করি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ওপরে সে ভালো প্রভাব ফেলতে পারবে।”
ইংল্যান্ডের অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের ভাবনা জুড়েও স্পিন। তিনি বলেন, “আগের ভুল থেকে শিক্ষা নেয়া ভীষণ জরুরি। স্পিনের বিপক্ষে ভালো খেলে এমন ব্যাটসম্যান আমাদের আছে। স্পিন সামলানো নিয়ে আমরা কথাও বলেছি।”
ব্রডের আরেকটি দুশ্চিন্তা প্রতিপক্ষের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইলকে নিয়ে। তিনি বলেন, “এই ফরম্যাটে গেইল খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তবে কিছু দিন আগে ট্রেন্টব্রিজে স্টিভেন ফিন তাকে দ্রুত ফিরিয়ে দিয়েছিলো। এবারও আমরা সে কাজটা করতে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৭ঘ.
bdnews24