ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে এই ম্যাচের আগে তেমন স্বস্তিতে নেই স্বাগতিকরা। তার কারণ অজন্তা মেন্ডিসের চোট। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচই মেন্ডিসের অসাধারণ নৈপুণ্যে উদ্ভাসিত। প্রায় ৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে মাত্র ৮ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে একাই শেষ করে দিয়েছিলেন তিনি।
কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেরই গড়া সেরা বোলিংয়ের রেকর্ড নতুন করে লিখিয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ‘রহস্যময় স্পিনার’ হিসেবে পরিচিতি মেন্ডিস। গ্র“প পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি। বৃহস্পতিবারও তাকে নিয়ে অনিশ্চয়তায় শ্রীলঙ্কা।
শেষ পর্যন্ত মেন্ডিস না খেললে অভিষেক হতে পারে অলরাউন্ডার আকিলা দনানজয়ার। ১৮ বছর বয়সী দনানজয়ার স্পিনও মেন্ডিসের মতো বৈচিত্র্যময়।
দলের এই নবাগত সদস্যর প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড। তিনি বলেন, “ভালো নিয়ন্ত্রণের পাশাপাশি তার বলে দারুণ বৈচিত্র্য। তার বল কখনো খেলেনি এমন ব্যাটসম্যানের তাকে বুঝতে বেশ সময় লাগার কথা। এই ফরম্যাটের ক্রিকেটে এটি নিঃসন্দেহে বাড়তি সুবিধা।”
সুপার এইটে প্রতিদিন দুটি করে ম্যাচ এবং দুটি ম্যাচই হবে একই মাঠে। তাই নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর স্পিনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে।
তিনি বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) দুটি খেলা থাকায় দ্বিতীয় ম্যাচে উইকেটের অবস্থা খারাপ হয়ে পড়তে পারে। তার ফলে বলও বেশি টার্ন করতে পারে। তবে প্রথম ম্যাচে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আসল কথা হলো আক্রমণাত্মক হয়ে প্রতিপক্ষকে থিতু হওয়ার সুযোগ না দেয়া।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৯ঘ.
bdnews24