ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না অস্ট্রেলীয় আম্পায়ার সাইমন টফেলকে। বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচ বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারেরর স্বীকৃতি পাওয়া ৪১ বছর বয়সী টফেল ৭৪টি টেস্ট ও ১৭৪টি ওয়ানডেতে আম্পায়ারিং করার অভিজ্ঞতায় ঋদ্ধ।
পরিবারকে আরো বেশি সময় দেয়ার জন্যই টফেলের এত কম বয়সে আম্পায়ারের দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত।
এক বিবৃতিতে তিনি জানান, “আইসিসির আম্পায়ার পারফরম্যান্স ও প্রশিক্ষণ ব্যবস্থাপকের দায়িত্ব পেয়েছি আমি। নতুন ভূমিকায় পেশাদার কর্মসূচী ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের ম্যাচ কর্মকর্তাদের সাহায্য করতে সাগ্রহে অপেক্ষা করছি।”
টফেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
তিনি বলেন, “কয়েক দশক ধরে সিদ্ধান্ত গ্রহণ এবং মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের দুর্দান্ত ক্ষমতার কারণে সাইমন (টফেল) অন্যতম সম্মানিত আম্পায়ারে পরিণত হয়েছেন। সারা পৃথিবীতেই তিনি আম্পায়ারদের সামনে একজন আদর্শ। আম্পায়াররা অনুপ্রেরণা ও নির্দেশনার জন্য তার দিকেই তাকিয়ে থাকে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৩ঘ.
bdnews24