ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার অগ্নিপরীক্ষার সামনে বাংলাদেশ। সুপার এইট নিশ্চিত করতে অন্তত ৩৭ রানে হারাতে হবে পাকিস্তানকে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হেরে যাওয়ার জন্যই বাংলাদেশের সামনে এত কঠিন সমীকরণ। রোববার ‘ডি’ গ্র“পের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে হেরেছে বটে, তবে লড়াই করে, মাত্র ১৩ রানে।
নিট রান রেটে অনেক এগিয়ে থাকা নিউজিল্যান্ডের (+১.১৫) সুপার এইট তাই নিশ্চিত হয়ে গেছে। শেষ আটে ওঠার লড়াই এখন পাকিস্তান (+০.৬৫) ও বাংলাদেশের (-২.৯৫) মধ্যে।
বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য আশাবাদী। সোমবার পাল্লে¬কেলে স্টেডিয়ামে অনুশীলন শুরু হওয়ার আগে তিনি বলেন, “সুপার এইটে খেলার সমীকরণ মাথায় রেখেই আমরা পরিকল্পনা সাজিয়েছি। আগে ব্যাট করলে ৩৭ রানে জিততে হবে। আর পরে ব্যাট করলে জিততে হবে ১৫ বা ১৬ ওভারের মধ্যে।”
এর আগে টি-টোয়েন্টিতে ৫ বার পাকিস্তানের মুখোমুখি হলেও কখনোই জিততে পারেনি বাংলাদেশ। আগের ৫টি হার ৩০ রান, ৪ উইকেট, ১০২ রান, ২১ রান ও ৫০ রানে।
তবে এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুশফিক। তিনি বলেন, “আমাদের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে শতভাগ উজাড় করে দিতে পারিনি বলে বড় ব্যবধানে হারতে হয়েছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলই অপরাজেয় নয়।”
পাকিস্তানের অন্যতম শক্তি তাদের স্পিন-আক্রমণ। তবে এবার সাকলায়েন মুশতাককে স্পিন বোলিং কোচ হিসেবে পেয়ে অন্যভাবে লাভবান হওয়ার কথা জানিয়েছেন মুশফিক। সাকলায়েনের কাছ থেকে তার স্বদেশের স্পিনারদের মুখোমুখি হওয়ার কৌশল জেনে নিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
এ প্রসঙ্গে মুশফিক বলেন, “আজমল-আফ্রিদিদের সামলানোর ব্যাপারে তিনি (সাকলায়েন) আমাদের ভালো ধারণা দিয়েছেন। তাদের বিপক্ষে কিভাবে রান করতে হবে, সেই কৌশলও জানিয়েছেন। পাকিস্তানের বোলারদের মুখোমুখি হওয়ার জন্য আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। মাঠে সে সব পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৭ঘ.
bdnews24