২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুলের ঘূর্ণিতে অতিথিদের বিপর্যয়

হরতালের জন্য রোববার খেলা হয়নি। সোমবার খেলা শুরু হতেই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের প্রথম ইনিংস ১৪৭ রানেই শেষ। মাত্র ৪৫ রানে এনামুলের শিকার ৭ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের জন্য রোববার খেলা হয়নি। সোমবার খেলা শুরু হতেই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের প্রথম ইনিংস ১৪৭ রানেই শেষ। মাত্র ৪৫ রানে এনামুলের শিকার ৭ উইকেট। চার দিনের ম্যাচে এনামুলের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যেই প্রথম ইনিংসে ১৯৯ রান করেও ৫২ রানের লিড পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। সব মিলিয়ে তারা এগিয়ে ১৪০ রানে। সোমবার বিনা উইকেটে ১৪ রান নিয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের ৫১ রানের সুবাদে ১ উইকেটে ৮০ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল। কিন্তু সাকলাইন সজীব ফ্লেচারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর এনামুল ‘ঘাতক’ হিসেবে আবির্ভূত হন তাদের সামনে। মধ্যাহ্ন-বিরতির আগেই ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা অতিথিরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম সেশনে ৩ উইকেট নেয়া এনামুলের দ্বিতীয় সেশনে শিকার আরো ৪ উইকেট। ৪৩ রানে ২ উইকেট নেন সজীব। দ্বিতীয় ইনিংসে ২১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায় অস্বস্তিতে ফেলে দিয়েছিলো ‘এ’ দলকে। তবে মমিনুল হক (২৭), অধিনায়ক রকিবুল হাসান (অপরাজিত ২১) ও নাঈম ইসলামের (অপরাজিত ১৩) দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৫ঘ.