ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়া শতকে দারুণ খুশি ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ম্যাচে ৫৯ রানের বিশাল জয়ের তৃপ্তি নিয়ে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড যেমন অনুপ্রাণিত তেমনি পাকিস্তানও দারুণ আত্মবিশ্বাসী।
শুক্রবার ম্যাককালামের ৫৮ বলে ১২৩ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টির ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দুটো শতক করার একমাত্র কৃতিত্ব তারই।
এটিকে জীবনের অন্যতম সেরা ইনিংসের স্বীকৃতি দিয়ে ম্যাককালাম বলেন, “আমার খেলার ধরনের সঙ্গে টি-টোয়েন্টি ভালো ভাবে মানিয়ে যায়। আমি সব সময় আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি।”
পাকিস্তানের অন্যতম অস্ত্র তিন স্পিনার মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি ও সাঈদ আজমল। তবে এই তিন জনকে ভালো ভাবে সামলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর।
তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বাংলাদেশের মতো পাকিস্তানের জন্যও আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।”
“পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। আমাদেরও বেশ কিছু জায়গায় আরো উন্নতি করতে হবে। আশা করি পরের ম্যাচে আমরা আরো ভালো খেলতে পারবো,” যোগ করেন টেলর।
পাকিস্তানের অধিনায়ক হাফিজও দারুণ আত্মবিশ্বাসী। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয় এবং শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে পাকিস্তানের কয়েক জন ক্রিকেটারের অংশগ্রহণ বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে তাকে।
তিনি বলেন, “এসএলপিএলে (পাল্লেকেলের) এই উইকেটে আমাদের অনেকেই খেলেছে। আমাদের দলের ব্যাটসম্যানরা প্রায় সবাই ছন্দে আছে। বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২১ঘ.
bdnews24