ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের মুখোমুখি হওয়া বাংলাদেশ ‘এ’ দলে ৬ জন টেস্ট ক্রিকেটার। অথচ শনিবার ‘এ’ দলের প্রথম ইনিংস শেষ ১৯৯ রানেই। জবাবে প্রথম দিন শেষে অতিথিদের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৭ রানেই ফিরে আসেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান।
তৃতীয় উইকেটে অধিনায়ক রকিবুল হাসানের (৩২) সঙ্গে মমিনুল হকের (৫০) ৭৩ রানের জুটি স্বাগতিকদের মনে স্বস্তি ফিরিয়ে আনে। তবে ২ উইকেটে ১০০ রানের নিরাপদ জায়গায় দাঁড়িয়েও সম্মানজনক সংগ্রহ গড়তে পারেনি তারা।
রকিবুলের রান আউটের মাধ্যমে দিগ্ভ্রান্ত ‘এ’ দল শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৯৯ রানে। রকিবুল-মমিনুল ছাড়া বলার মতো রান আর এক জনেরই - নাঈম ইসলাম (৩০)।
বাঁহাতি পেসার শেলডন কটরেলের (৪/১৫) দুর্দান্ত বোলিং ‘এ’ দলের ব্যাটিং-ব্যর্থতার প্রধান কারণ। দুটি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বীরাসামি পারমাউল ও জোমেল ওয়ারিকান।
গত মাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে পাঠিয়ে দেয়া শাহরিয়ার নাফীসকে প্রথম একাদশে রাখেনি ‘এ’ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০২ঘ.
bdnews24