২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ সেরার লড়াইয়ে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা

সুপার এইট নিশ্চিত করা দুই দলের লড়াইয়ে শ্রীলঙ্কার অফস্পিনার অজন্তা মেন্ডিসকে চাপে ফেলার পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। শনিবার হাম্বানটোটায় ‘সি’ গ্রুপের শেষ খেলায় মুখোমুখি হবে দল দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার এইট নিশ্চিত করা দুই দলের লড়াইয়ে শ্রীলঙ্কার অফস্পিনার অজন্তা মেন্ডিসকে চাপে ফেলার পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। শনিবার হাম্বানটোটায় ‘সি’ গ্রুপের শেষ খেলায় মুখোমুখি হবে দল দুটি। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৮ রানে ৬ উইকেট নেন ২৭ বছর বয়সী মেন্ডিস। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স। টুর্নামেন্টের যে কোনো দলের ব্যাটসম্যানদের জন্যই এটা সতর্কবার্তা। ডি ভিলিয়ার্স বলেছেন, শ্রীলঙ্কার রহস্যময় এই স্পিনারের জন্য তারা প্রস্তুত। তিনি বলেন, “আশাকরি আমরাই আক্রমণে যাবো, তাকে চেপে ধরতে দেবো না।” জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলেও গ্র“পের শেষ ম্যাচে লড়াইয়ের প্রতিশ্র“তি দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। তিনি বলেন, “আমরা বড় জয় দিয়ে শুরু করেছি। ঘরের মাঠে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও আমরা ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।” স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিরনের সঙ্গে মেন্ডিসের তুলনায় যেতে রাজি নন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ৮০০ টেস্ট ও ৫৩৪ ওয়ানডে উইকেট নেয়া মুরালির বিকল্প পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “মুরালির জায়গায় কাউকে বসানো সহজ নয়।” “তরুণ যারা উঠে আসছে তাদের কাউকে পরবর্তী মুরালি বলা খুব কঠিন। আমরা তাদের সেরাটা দেয়ার জন্য উৎসাহ দিতে পারি। আগামী দশ বছর ধরে কেউ তা করতে পারলে দারুণ ব্যাপার হবে,” যোগ করেন তিনি। জয়ের ধারাবাহিকতা ধরে রাখা জয়াবর্ধনেও লক্ষ্য। তিনি বলেন, “এটা বড় একটা টুর্নামেন্ট। পরের রাউন্ডেও জয়ের ধারাবাহিকতা নিয়ে যেতে চাই আমরা।” সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের প্রশংসা করে জয়াবর্ধনে বলেন, “জ্যাক ক্যালিস আমাদের সময়ের সেরা অলরাউন্ডার-এ নিয়ে কারো দ্বিমত আছে বলে মনে হয় না। বয়সের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি প্রতিদিন উন্নতি করছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১২ ঘ.