২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্যর শতকে অ্যাকাডেমি দলের রক্ষা

বুধবার চতুর্থ ও শেষ দিনে ফলো-অন করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। তবে সৌম্য সরকারের চমৎকার শতকে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে চার দিনের ম্যাচে কোনো রকমে হার এড়িয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার চতুর্থ ও শেষ দিনে ফলো-অন করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। তবে সৌম্য সরকারের চমৎকার শতকে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে চার দিনের ম্যাচে কোনো রকমে হার এড়িয়েছে তারা। ৭ উইকেটে ১৮৪ রান নিয়ে ব্যাট করতে নামা অ্যাকাডেমি দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৯ রানে। অতিথিদের পক্ষে তিনটি করে উইকেট নেন পারমাউল বীরাসামি ও ইয়ানিক ক্যারাইয়াহ। ৩৩৫ রানে পিছিয়ে ফলো-অন করতে নেমে দলীয় ১৩ রানেই মিজানুর রহমানকে (৭) হারিয়ে ফেলে অ্যাকাডেমি দল। তবে দ্বিতীয় উইকেটে আনামুল হকের (৪৮) সঙ্গে সৌম্যর ১০৩ রানের জুটি স্বস্তি ফিরিয়ে আনে স্বাগতিক শিবিরে। কিন্তু দলীয় ১১৬ রানে আনামুল বীরাসামির বলে মারলন বার্কলেকে ক্যাচ দেয়ার পর শুরু হয়ে যায় আসা-যাওয়ার মিছিল। এক প্রান্তে সৌম্য অবশ্য শক্ত হাতে হাল ধরে রেখেছিলেন। আনামুলের বিদায়ের পর একাই লড়তে হয়েছে তাকে। আনামুল ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। দলীয় ২০২ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১১৮ রান করেন সৌম্য। তার ২২০ বলের দুর্দান্ত ইনিংসটা সাজানো ১৭টি চার ও একটি ছক্কায়। সৌম্যর বিদায়ের পর মুক্তার আলী (৩৯ বলে ৬) ও কামরুল ইসলামকে (৭ বলে অপরাজিত ৪) সঙ্গে নিয়ে শেষ ৬১ বল কাটিয়ে দলকে হার এড়াতে সাহায্য করেন নাজমুল অপু (৩৩ বলে অপরাজিত ৪)। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২১৭ রান করা অ্যাকাডেমি দল এই তিন জনের কাছেও কম কৃতজ্ঞ নয়। ৭৯ রানে ৫ উইকেট নিয়ে ক্যারাইয়াহ অতিথিদের সেরা বোলার। ৫৫ রানে ৩ উইকেট নেন বীরাসামি। ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচটি শুরু হবে শনিবার থেকে। এই ম্যাচের জন্য রকিবুল হাসানকে অধিনায়ক ও ইমরুল কায়েসকে সহ-অধিনায়ক করে ১৪ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। দলের অন্য সদস্যরা হলেন শাহরিয়ার নাফীস, নাসিরুদ্দিন ফারুক, আনামুল হক, মুমিনুল হক, নাঈম ইসলাম, ফরহাদ হোসেন, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক (জুনিয়র), সাকলায়েন সজীব ও ধীমান ঘোষ। গত মাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফেরার পর এটাই হতে যাচ্ছে শাহরিয়ার নাফীসের প্রথম ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩০ঘ.