ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবারের প্রথম খেলায় শেন ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যে আয়রল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘বি’ গ্র“পের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৩ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১৫ ওভার ১ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের (২৬) সঙ্গে ওয়াটসনের ৬০ রানের উদ্বোধনী জুটি অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেয়। অর্ধশতকে পৌঁছানোর পর ওয়াটসন (৫১) রান আউট হয়ে বিদায় নিলেও ততক্ষণে জয়ের খুব কাছে পৌঁছে যায় গত আসরের রানার্সআপরা। ওয়াটসনের ৩০ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা।
এরপর মাইক হাসি (১০) সাজঘরে ফিরলেও অধিনায়ক জর্জ বেইলি (৬*) ও সাবেক অধিনায়ক ক্যামেরন হোয়াইট (২২*) অস্ট্রেলিয়ার সহজ জয় নিশ্চিত করেন।
এর আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি। অস্ট্রেলিয়ার বোলারদের ভালো বোলিংয়ে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ‘জায়ান্ট কিলার’ দলটি।
পঞ্চম উইকেটে নিয়াল ও’ব্রায়েনের (২০) সঙ্গে কেভিন ও’ব্রায়েনের (৩৫) ৫২ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু পনেরতম ওভারে চার বলের মধ্যে দুই ভাইকে ফিরিয়ে দিয়ে আয়ারল্যান্ডকে বড় একটা ধাক্কা দেন ওয়াটসন।
সেখান থেকে আলেক্স কুসাকে অপরাজিত ১৫ ও নাইজেল জোন্সের অপরাজিত ১৪ রানের সৌজন্যে একশ পেরোয় আয়ারল্যান্ড।
২৬ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার ওয়াটসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৩ ঘ.
bdnews24