ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে ব্যাটিং-বিপর্যয়ে পড়েছে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ১৮৪ রান করা স্বাগতিকরা ৩৫০ রানে পিছিয়ে আছে।
বীরাসামি পারমাউল (৩/৬৯) ও কার্লোস ব্র্যাথওয়েইটের (২/২২) মারাত্মক বোলিংয়ে অ্যাকাডেমি দলের এই দুরবস্থা।
অতিথিদের বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে অ্যাকাডেমি দলের কেউই অর্ধশতক করতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রান আসে অধিনায়ক মাহমুদুল হাসানের ব্যাট থেকে।
মিজানুর রহমান (১৮), আনামুল হক (২৬) ও মুমিনুল হক (৩২) বিদায় নেন বাঁহাতি স্পিনার বীরাসামির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে।
দিন শেষে মুক্তার আলী ১৬ ও শাকের আহেমদ ৬ রানে অপরাজিত।
এর আগে ৮ উইকেটে ৫২১ রান নিয়ে খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল ৯ উইকেটে ৫৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। আগের দিন দ্বি-শতকে পৌঁছানো কাইল হোপ আউট হন ২১৭ রান করে।
হোপকে ফিরিয়ে দেয়া শাকের ৫ উইকেট নেন ১১৫ রানের বিনিময়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৪ঘ.
bdnews24