ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাইল হোপের দ্বি-শতকে চার দিনের ম্যাচে রানের নিচে চাপা পড়ার দশা সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির। সোমবার দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের সংগ্রহ ৮ উইকেটে ৫২১ রান। বৃষ্টির কারণে সোমবার অবশ্য এক সেশনের বেশি খেলা হতে পারেনি।
১৪৬ রান নিয়ে দিন শুরু করা হোপ অপরাজিত আছেন ২১৪ রানে। তার ২৫৪ বলের চমৎকার ইনিংসে ১৯টি চার ও দুটি ছক্কা।
৫ উইকেটে ৩৯৪ রান নিয়ে ব্যাট করতে নামা অতিথিদের দিনের শুরুতেই জোড়া ধাক্কা দেন শাকের আহমেদ। অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েইট (৮) ও জাহমার হ্যামিল্টনকে (৫) ফিরিয়ে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি।
কিন্তু অষ্টম উইকেটে পারমাউল বীরাসামির (৪২) সঙ্গে হোপের ৯৩ রানের জুটির সুবাদে পাঁচ শ পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল।
১১৩ রানে ৪ উইকেট নিয়ে শাকের অ্যাকাডেমি দলের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৯ঘ.
bdnews24