২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামরানের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয়

কামরান আকমলের ঝড়ো ব্যাটিং টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগের দিন মধুর জয় এনে দিয়েছে পাকিস্তানকে। সোমবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কামরান আকমলের ঝড়ো ব্যাটিং টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগের দিন মধুর জয় এনে দিয়েছে পাকিস্তানকে। সোমবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ৫ উইকেটে হারিয়েছে তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৫ রান করে ভারত। জবাবে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তৃতীয় উইকেটে অধিনায়ক মোহাম্মদ হাফিজের (৩৮) সঙ্গে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কামরান। কিন্তু দলীয় ৮৪ রানে হাফিজের বিদায়ের পর শহীদ আফ্রিদি (০) ও উমর আকমলের (২) দ্রুত বিদায়ে ভীষণ চাপে পড়ে যায় পাকিস্তান। তবে ষষ্ঠ উইকেটে শোয়েব মালিকের (১৮ বলে অপরাজিত ৩৭) সঙ্গে অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন কামরান। ৯২ রানে অপরাজিত কামরানের ৫০ বলের আক্রমণাত্মক ইনিংসে ৫টি চার ও ৬টি ছক্কা। ২৩ রানে ৪ উইকেট নিয়ে রবীচন্দ্রন অশ্বিন ভারতের সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীর (১০) ও বীরেন্দর শেবাগ ভারতকে (২৬) দারুণ সূচনা এনে দেন। কিন্তু ৪৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে ধাক্কা খায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। তৃতীয় উইকেটে রোহিত শর্মার (৪০ বলে ৫৬) সঙ্গে বিরাট কোহলির ১২৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। ৭৫ রানে অপরাজিত কোহলির ৪৭ বলের ইনিংসে ৭টি চার ও দুটি ছক্কা। ২২ রানে ২ উইকেট নেন সাঈদ আজমল। দিনের অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের গ্র“প পর্বে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৮ঘ.