২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই হার আমাদের সতর্ক করবে: সাকিব

আয়ারল্যান্ডের কাছে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৫ রানের হার বাংলাদেশ দলকে আরো সতর্ক করবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডের কাছে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৫ রানের হার বাংলাদেশ দলকে আরো সতর্ক করবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, “ছোট হলেও আজকের (সোমবার) হার আমাদের জন্য একটা ধাক্কা। শেষ ১০ ওভার ভালো ব্যাট করতে না পারার মাশুল দিয়ে হারতে হয়েছে আমাদের। আমরা যে অবস্থায় ছিলাম তাতে হারের কোনো কারণ নেই।” “তবে প্রতিটি হার থেকেই কিছু-কিছু ব্যাপার শেখা যায়। এখন আমরা বুঝতে পারছি ঠিক কোন্ জায়গায় আমাদের উন্নতি করতে হবে,” যোগ করেন টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। প্রস্তুতি ম্যাচকে অবশ্য খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনি বলেন, “প্রস্তুতি ম্যাচ গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু এই ম্যাচের হার দলের ওপরে কোনো প্রভাব ফেলবে না।” নিজের ব্যাটিং সম্পর্কে সাকিব বলেন, “উইকেট ভালো ছিল বলে বল সহজেই ব্যাটে আসছিলো। আমার ম্যাচ শেষ করে আসা উচিৎ ছিলো। তবে সব মিলিয়ে নিজের ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট।” “আমার বিদায়ের পর ভালো কোনো জুটি গড়ে না ওঠার জন্যই হারতে হয়েছে। তখনো প্রায় ১০ ওভার ছিলো। একটা ভালো জুটি গড়ে উঠলেই আমরা জিততে পারতাম,” যোগ করেন ২৩ বলে ৫২ রান করা এই বাঁহাতি অলরাউন্ডার। আপাতত সাকিবের ভাবনা জুড়ে আগামী শুক্রবারের লড়াই। সেদিন পাল্লে¬কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৬ঘ.