ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন জিয়াউর রহমান। টুর্নামেন্টকে সামনে রেখে নিজের প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশের এই অলরাউন্ডার।
কলম্বোয় সাংবাদিকদের তিনি বলেন, “বিশ্বকাপকে সামনে রেখে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। টুর্নামেন্টের জন্য আমি সাগ্রহে অপেক্ষা করছি।”
দলে নিজের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সজাগ জিয়া বলেন, “ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রয়োজন হলে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য আমি প্রস্তুত কিন্তু দায়িত্বশীল ব্যাটিং সব সময়ই গুরুত্বপূর্ণ।”
“এক ওভারে কয়েকটি এক-দুই আর একটি বাউন্ডারি হলে ১০/১১ রান হয়েই যায়। অনেকেই মনে করেন প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করবো, তা ঠিক নয় পরিস্থিতি অনুযায়ীই খেলতে হয়,” যোগ করেন তিনি।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন জিয়া। কিন্তু মাশরাফি বিন মুতর্জা, সৈয়দ রাসেল আর ফরহাদ রেজা থাকায় সেবার খেলা হয়নি। এরপরই খেলার ধরন পাল্টে পেলেন খুলনার এই ক্রিকেটার।
তিনি বলেন, “সেবার খেলার সুযোগ পাওয়া ভীষণ কঠিন ছিল। এবার আমি মূলত ব্যাটসম্যান হিসেবে খেলছি। এই সুযোগ কাজে লাগাতে চাই।”
চোটের কারণে পেস বোলিং ক্যারিয়ারে আগেভাগেই ইতি টানতে হয়েছে জিয়াকে। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের কোচ খালেদ মাহমুদ সুজনের পরামর্শে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন জিয়া।
তিনি বলেন, “খালেদ মাহমুদ আমাকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলার পরামর্শ দেন। পুরো মৌসুমে ইনিংস শুরু করে সাফল্যও পেয়েছি। আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি সেটাই আমাকে এখানে এনেছে।”
“আন্তর্জাতিক ক্রিকেটে কোনো চাপ অনুভব করছি না বরং উপভোগ করছি। প্রথম কয়েক বলে সবে ব্যাটসম্যান যেমন চাপ অনুভব করেন তা আমার ক্ষেত্রেও ঘটে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪১ ঘ.
bdnews24