ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্টি লারার ইচ্ছে ছিল, ছেলে ক্রিকেটার হোক। বাবার স্বপ্ন পূরণ করে ব্রায়ান লারা শুধু ক্রিকেটারই হননি, জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়ও। যদিও ছেলের টেস্ট অভিষেক দেখে যেতে পারেননি বান্টি লারা। আইসিসির হল অব ফেমে অর্ন্তভুক্ত হওয়ার সম্মান স্বর্গীয় পিতাকে উৎসর্গ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি-ব্যাটসম্যান।
শুক্রবার কলম্বোতে আইসিসি বর্ষসেরা অনুষ্ঠানে সম্মানিত ক্রিকেটারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন লারা। তিনি বলেন, “আমার বড় হয়ে ওঠার পেছনে তার (বান্টি লারা) বিশাল অবদান। ক্রিকেটার হিসেবে সফল হওয়ার জন্য আমার যা-যা দরকার ছিল তার সব কিছুই দিয়েছিলেন তিনি।
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক আরো বলেন, “আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে......কিন্তু আমি জানতাম আমার পেছনে সবার দারুণ সমর্থন রয়েছে। আমার টেস্ট খেলা বাবা দেখে যেতে পারেননি। এটা আমাকে সবচেয়ে বেশি দুঃখ দেয়।”
শুধু বাবা নন, ক্রিকেটার হয়ে ওঠার পথে পুরো পরিবারেরই সহায়তা পেয়েছেন লারা। বিশেষ করে ভাই উইনস্টন ও বোন অ্যাগনেসের।
দুবার টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়া লারা তাদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আমার ভাই-বোন এখানে আমার সঙ্গে আছেন। ছয় বছর বয়সে আমাকে প্রথম বারের মতো কোচিংয়ে নিয়ে যায় অ্যাগনেস। আর ডান হাতি স্টাইলিশ ব্যাটসম্যান উইনস্টন ছিল আমার আদর্শ।”
১৯৯০ সালের ডিসেম্বর লাহোরে পাকিস্তানের বিপক্ষে লারার টেস্ট অভিষেক। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩১ টেস্টে ৩৪টি শতকসহ ৫২.৮৮ গড়ে ১১,৯৫৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ৪০০। ২০০৬ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষেই করাচিতে শেষ টেস্ট খেলেন ক্রিকেট-ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান লারা।
ওয়ানডেতেও দারুণ সফল এই বাঁহাতি ‘গ্রেট’। ২০০৭ সালের বিশ্বকাপ খেলে অবসর নেয়া লারা ২৯৯টি ওয়ানডে খেলে ১৯টি শতকসহ ৪০.৪৮ গড়ে ১০,৪০৫ রান করেন। সর্বোচ্চ ১৬৯।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬১ ম্যাচে ৬৫টি শতকসহ ৫১.৮৮ গড়ে তার মোট রান ২২,১৫৬। টেস্টের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটেও ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড লারার অধিকারে। ১৯৯৪ সালে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের বিপক্ষে ওয়ারউইকশায়ারের হয়ে তার অপরাজিত ৫০১ রানের রেকর্ডটি আজো অটুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৪ঘ.
bdnews24