ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিসিআইর ফ্র্যাঞ্চাইজি বিলুপ্তির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে ডেকান চার্জার্স। শনিবার ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইর আইনজীবীরা মুম্বাইয়ের উচ্চ আদালতে এ ব্যাপারে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করলেও কোনো সিদ্ধান্ত হয় নি। সোমবার এ ব্যাপারে পরবর্তী শুনানী অনুষ্ঠিত হবে।
এর আগে নির্ধারিত সময়ে খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ডেকান চার্জার্সকে বিলুপ্ত ঘোষণা করে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, হায়দরাবাদ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ও বিদেশী বোর্ডের বকেয়া পরিশোধ না করাসহ বেশ কয়েকটি মারাত্মক ত্র“টির কারণে শুক্রবারের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বিসিসিআইর বিবৃতিতে বলা হয়, “বিসিসিআই সম্পূর্ণভাবে যাচাই করে খুব সতর্কতার সঙ্গে বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছে। দলে পরিচালনায় ফ্র্যাঞ্চাইজির পুরোপুরি অসামর্থ্যরে কারণেই এই সিদ্ধান্ত।”
২০০৮ সালে ১০৭ মিলিয়ন ডলারের বিনিময়ে ১০ বছরের ২০০৯ সালের আসরের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সের মালিকানা পায় ডেকান ক্রনিকেল হোল্ডিংস।
গত সপ্তাহে ডেকান চার্জার্সের নিলাম অনুষ্ঠিত হলেও ৮২.৭০ মিলিয়ন ডলারের দরপ্রস্তাব পছন্দ না হওয়ার মালিকানা হস্তান্তর করা যায় নি।
এই বিলুপ্তির কোনো কারণ খুঁজে পাচ্ছে না কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইন, ক্যামেরন হোয়াইট আর ইশান্ত শর্মাদের দল ডেকান চার্জাস।
“বিসিসিআই ফ্র্যাঞ্চাইজির আইনজীবীর কাছ থেকে সালিশি চেয়ে একটি চিঠি পেয়েছে। এতে বলা হয়েছে তারা কোনো শর্ত ভঙ্গ করেন নি। এমনকি কোনো শর্ত ভঙ্গ করে থাকলেও ফ্র্যাঞ্চাইজি বিলুপ্ত করা ঠিক নয়। অন্তত যতক্ষণ শর্তের ক্ষতিপূরণের জন্য ব্যাঙ্ক গ্যারান্টি বাতিল না করছে,” বলা হয় বিসিসিআইর বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪৯ ঘ.
bdnews24